‘ব্যাটিংয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে অশ্বিন’-বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে ভারতীয় স্পিনারের হাফসেঞ্চুরির পর কথাটা বলেছিলেন সৌরভ গাঙ্গুলি। ব্যাট হাতে সত্যি ধারাবাহিক রবিচন্দ্রন অশ্বিন। তাই বলে ভাববেন না আসল কাজ বোলিংয়ে নিজের ছন্দে নেই এই স্পিনার। বল হাতেও আছেন ফর্মের তুঙ্গে। তার ঘূর্ণিতেই তো প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে গেছে ২৫৫ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারত তৃতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ৯৮ রানে। তাতে স্বাগতিকরা লিড পেয়েছে ২৯৮ রানের।
দ্বিতীয় দিন শেষে ভালো ঘুম হওয়ার কথা নয় অ্যালিস্টার কুকের। ১০৩ রান তুলতেই যে হারিয়েছিল ইংলিশরা ৫ উইকেট। তৃতীয় দিনের সকালটা অবশ্য দারুণই কেটেছে সফরকারীদের। দিন শুরু করা দুই ব্যাটসম্যান বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর ব্যাটে স্কোর বাড়িয়ে নিয়েছে তারা। ষষ্ঠ উইকেট জুটিতে স্টোকস-বেয়ারস্টো যোগ করেন ১১০ রান। দুজনই হাফসেঞ্চুরি পূরণ করে ভারতের জন্য হয়ে উঠেছিলেন হুমকি। কিন্তু উমেশ যাদবের বলে বেয়ারস্টো বোল্ড হয়ে গেলে ভাঙে তাদের প্রতিরোধ। ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান ১৫২ বলে খেলেছেন ৫৩ রানের কার্যকরী ইনিংস।
তার আউটের পর আদিল রশিদকে নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন স্টোকস। যদিও পারেনি বেশিদূর এগোতে। অশ্বিনের ঘূর্ণিতে এলবিডাব্লিউ হয়ে ফেরেন তিনি ৭০ রান করে। ভারতীয় এই স্পিনার পরে ছেটে দিয়েছেন ইংলিশদের লেজটাও। স্টুয়ার্ড ব্রড (১৩) ও জেমস অ্যান্ডারসনকে (০) আউট করে পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের ২২তম ৫ উইকেটের ঘর। ৬৭ রানে অশ্বিনের শিকার ৫ উইকেট।
২৫৫ রানে ইংল্যান্ডকে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ৪০ রানের মধ্যে তারা হারায় তিন উইকেট। ব্রডের আঘাতে দুই ওপেনার মুরালি বিজয় (৩) ও লোকেশ রাহুল (১) ফিরে যাওয়ার পর চেতশ্বর পূজারাও ধরেন প্যাভিলিয়নের পথ। প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটসম্যান অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন ১ রানে। অবশ্য দাঁড়িয়ে গিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় টেস্ট অধিনায়ক হাফসেঞ্চুরি (৫৬*) পূরণ করে শেষ করেছেন দিন। তার সঙ্গে চতুর্থ দিনের খেলা শুরু করবেন আজিঙ্কা রাহানে (২২*)। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৪৫৫ ও দ্বিতীয় ইনিংস ৩৪ ওভারে ৯৮/৩ (কোহলি ৫৬*, রাহানে ২২*, লোকেশ ১০; ব্রড ২/৬)।
ইংল্যান্ড : প্রথম ইনিংস ১০২.৫ ওভারে ২৫৫ (স্টোকস ৭০, বেয়ারস্টো ৫৩, রুট ৫৩, রশিদ ৩২*, অশ্বিন ৫/৬৭)।
/কেআর/








