খুলনার জয়রথ কেউ থামাতেই পারছে না। একের পর এক দলকে বধ করে জয়ের বৃত্তেই আছে খুলনা টাইটানস। তবু টানা জয়ের পরও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
রবিবার বরিশাল বুলসকে ২২ রানে হারিয়ে তৃতীয়বারের মতো ম্যাচ সেরার পুরস্কার তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। আর পুরস্কার বিতরণী মঞ্চেই ব্যাটিং নিয়ে আক্ষেপের কথা জানালেন তিনি, ‘টানা জিতছি বলে হয়তো ব্যাটিংয়ের খারাপ দিকটা চোখে পড়ছে না। আমাদের টপ অর্ডারের ব্যাটিংটা ভালো হচ্ছে না। এখানে বেশ কিছু সমস্যা রয়েছে। আশা করছি তারা দ্রুত উন্নতি করবে। না হলে বড় ম্যাচে গিয়ে সমস্যায় পড়তে হবে।’
বরিশালকে হারাতে মাহমুদউল্লাহ সব ক্রেডিট তার বোলারদের দিলেন, ‘এমন জয়ে অবশ্যই খুশি। সব ক্রেডিট বোলারদের। সবাই পরিকল্পনা মতো বোলিং করেছে বলেই সাফল্য পেয়েছি।’
মুশফিকের মতো মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন এই কন্ডিশনে বোলিং করাটা কতটা কঠিন, ‘শিশির অনেক বেশি পড়ছে চট্টগ্রামে। এই কন্ডিশনে বোলিং করা খুব কঠিন। বোলারদের পরিকল্পনা মতো বোলিং না করলে এমন পরিস্থিতিতে ম্যাচ জেতা কঠিন। তাই আমি পুরো কৃতিত্ব বোলারদের দেব।’
১৭ রানে চার উইকেট নিয়ে বরিশালের ব্যাটসম্যানদের চেপে ধরেছেন খুলনার পেসার শফিউল ইসলাম। তাই সতীর্থের প্রশংসায় মাহমুদউল্লাহ বলেছেন, ‘শফিউলের কাছ থেকে যা চাচ্ছিলাম সে তাই করে চলেছে। শফিউল আজ আরও বেশি আক্রমণাত্মক ছিল। আমি চাই শফিউল এই ধারাবাহিকতা ধরে রাখবে সামনের ম্যাচগুলোতেও।’
/আরআই/








