চতুর্থ দিন শেষ বিকেলে ৪০৫ রানের লক্ষ্যে নেমে ইংল্যান্ড শুরুটা করেছিল ধীরেসুস্থে। রবিবার তাদের ৮৭ রান এসেছিল ৫৯.২ ওভারে, ২ উইকেট হারিয়ে। অ্যালিস্টার কুক ২২ গজে ধৈর্যে্যর প্রতীক হয়ে দাঁড়িয়ে ছিলেন। যদিও তিনি ৫৪ রান (১৮৮ বলে) করে আউট হলে চতুর্থ দিনের শেষ হয়। কিন্তু সোমবার সকালে খেলতে নেমে বিশাল একটা ধকল সামলাতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড, ভারতের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে তারা।
ডানহাতি অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন নেন ৩ উইকেট, অভিষেকে সমান উইকেট নিয়ে বাজিমাত করেছেন আরেক স্পিনার জয়ন্ত যাদব। রবিন্দ্র জাদেজা তার ঘূর্ণিজাদুতে নেন ২ উইকেট। এই তিন স্পিনারে ভর করে বিশাখাপত্তম টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকল ভারত। প্রথম টেস্ট ড্র করে আত্মবিশ্বাস ফিরে পাওয়া ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২৪৬ রানের বিশাল জয় পেয়েছে তারা। দুই ইনিংসে ১৬৭ ও ৮১ রান করে ম্যাচ সেরা হন স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলি।
পঞ্চম ও শেষদিন সফরকারীদের সাজঘরে যাওয়া আসার শুরু দিনের পঞ্চম ওভারে। ১৬ বল খেলেও রানের খাতা না খুলে অশ্বিনের বলে হৃদ্ধিমান সাহার গ্লাভসে ধরা পড়েন বেন ডাকেট। এরপর জো রুট (২৫) প্রতিরোধ গড়েন মঈন আলি (২) ও বেন স্টোকসকে (৬) নিয়ে। চতুর্থ ও পঞ্চম উইকেটের এই দুই জুটি শুধু সময়ক্ষেপণ করতেই সফল হয়েছে। মঈনকে নিয়ে ৯.১ ওভারে ৯ রান ও স্টোকসের সঙ্গে ১১.৪ ওভারে কেবল ১৪ রান যোগ করেছেন রুট। কিন্তু মধ্যাহ্নভোজের আগেই তারা তিনজন সাজঘরে ফিরে যান। ২ উইকেটে ৮৭ রান করা দলটির স্কোরবোর্ড মধ্যাহ্নভোজের আগেই হয়ে যায় ৭ উইকেটে ১২৯ রান।
দ্বিতীয় সেশনে সফরকারীদের শেষ ভরসা হয়ে ছিলেন জনি বেয়ারস্টো। কিন্তু তার সঙ্গে সারাদিন পার করে দেওয়ার মতো ব্যাটসম্যান আর কেউ ছিল না ইংলিশ ব্যাটিং লাইনআপে। দ্বিতীয় সেশনে সফরকারীদের প্রতিরোধ আর মাত্র ৫ ওভার স্থায়ী হয়। জয়ন্ত তার ১২তম ওভারের দ্বিতীয় বলে স্টুয়ার্ট ব্রডকে (৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। তার পরের বলেই জেমস এন্ডারসনের বিরুদ্ধে এলবিডব্লিউর আপিল করেন ভারতীয় খেলোয়াড়রা, আম্পায়ার আউট না দেওয়ার সিদ্ধান্ত জানালে রিভিউ করে সফল হয় স্বাগতিকরা। ১৯০৬ সালের পর ইংল্যান্ডের হয়ে প্রথম কিং পেয়ারের (দুই ইনিংসেই শূন্য রান) লজ্জা পান এন্ডারসন। সফরকারীরা গুটিয়ে যায় ১৫৮ রানে, ৩৪ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো।
উল্লেখযোগ্য বিষয় হলেঅ- প্রথম ইনিংসে ৮০ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারানো ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটই হারাল ৮৩ রানের ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর: পঞ্চম দিন শেষে
ভারত: প্রথম ইনিংস- ৪৫৫ ও দ্বিতীয় ইনিংস- ২০৪
ইংল্যান্ড: প্রথম ইনিংস- ২৫৫ ও দ্বিতীয় ইনিংস- ১৫৮, ৯৭.৩ ওভার (রুট ২৫, বেয়ারস্টো ৩৪*; অশ্বিন ৩/১১, জয়ন্ত ৩/৪)
ফল: ভারত জয়ী ২৪৬ রানে
/এফএইচএম/








