উসমান খাজার অসাধারণ সেঞ্চুরিতে গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে এখন বোলিংয়েও অস্ট্রেলিয়া চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকাকে। খাজার ১৪৫ রানের ওপর ভর দিয়ে অ্যালিলেড টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস শেষ করে ৩৮৩ রানে। দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে শুরু করা দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের খেলা শেষ করেছে ১৯৪ রানে। যাতে লিড পেয়েছে ৭০ রানের।
দিন-রাতের টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে ফ্লাডলাইটের নিচে খাজা আগের দিনই পূরণ করেছিলেন সেঞ্চুরি। ১৩৮ রান নিয়ে দিন শুরু করা খাজা অবশ্য খুব একটা এগোতে পারেননি, আর মাত্র ৭ রান যোগ করে ১৪৫ রানে থামেন তিনি ভারনন ফিল্যান্ডারের এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে। তার সঙ্গে দিন শুরু করা মিচেল স্টার্ক অবশ্য দারুণ ব্যাটিংয়ে তুলে নেন হাফসেঞ্চুরি। কাগিসো রাবাদার বলে আউট হওয়ার আগে করেন ৫৩ রান। তার এই ইনিংসেই আসলে লিডটা আরও বেড়েছে অস্ট্রেলিয়ার।
১২৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা দক্ষিণ আফ্রিকা শুরুতেই খায় ধাক্কা। কোনও রান করার আগেই যে প্যাভিলিয়নে ফেরেন ডিন এলগার। স্টার্কের বলে ধরা পড়েন এই ওপেনার স্টিভেন স্মিথের হাতে। প্রাথমিক সেই চাপ কাটিয়ে উঠে প্রোটিয়ারা স্টিফেন কুক ও হাশিম আমলার ব্যাটে। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৮৩ রান। যদিও আমলা ৪৫ রান করে জস হ্যাজেলউডের শিকারে পরিণত হলে ভাঙে তাদের জুটি।
কুক এক প্রান্ত আগলে রেখে বাড়িয়ে নিয়েছেন দলের স্কোর। যদিও ভালো জুটি গড়ে তুলতে পারেনি সতীর্থদের ব্যর্থতায়। ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি জেপি দুমিনি (২৬) ও ফাফ দু প্লেসিস (১২)। দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে ফিরিয়েছেন স্টার্ক, আর দুমিনি বোল্ড হয়ে যান নাথান লিওনের বলে। অস্ট্রেলিয়ান এই স্পিনার পরে তেম্বা বাভুমা (২১) ও কাইল অ্যাবটের (০) উইকেট দুটি তুলে নিলে চাপে পড়ে যায় সফরকারীরা। নিয়মিত উইকেট হারানোর দৃশ্য অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখেছেন হাফসেঞ্চুরি পূরণ করে দিনের খেলা শেষ করা কুক। ১৯৯ বলে তিনি অপরাজিত আছেন ৮১ রানে। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ২৫৯/৯ (ডিক্লে.) ও দ্বিতীয় ইনিংস ৬৯ ওভারে ১৯৪/৬ (কুক ৮১*, আমলা ৪৫, দুমিনি ২৬, বাভুমা ২১; লিওন ৩/৪৮, স্টার্ক ২/৭১)।
অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস ১২১.১ ওভারে ৩৮৩ (খাজা ১৪৫, স্মিথ ৫৯, হ্যান্ডসকোম্ব ৫৪, স্টার্ক ৫৩; অ্যাবট ৩/৪৯, রাবাদা ৩/৮৪)।
/কেআর/








