৯ ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে মুশফিকের বরিশাল বুলস। লিগ পর্বে বরিশালের ম্যাচ বাকি আর তিনটি। সেরা চারে খেলতে হলে বাকি সবগুলো ম্যাচেই জিততে হবে বরিশালকে। শুধু তাই নয়, সেই সঙ্গে অন্য দলগুলোর জয়-পরাজয়ের গাণিতিক সমীকরণও বিবেচনায় রাখতে হবে। সবকিছু মিলিয়ে বাকি তিনটি জয়ের পাশাপাশি বরিশালকে অনেকখানি ভাগ্যের ওপর নির্ভর করতে হবে।
মুশফিক অবশ্য আশাবাদী সেরা চারে খেলার ব্যাপারে। এ প্রসঙ্গে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘আমরা টানা বেশকিছু ম্যাচ হেরেছি। এখনো আমাদের সুযোগ রয়েছে। সামনে তিনটি ম্যাচ জিততে পারলে আশা করি সেরা চারে খেলতে পারব।’
গত কিছুদিন ধরে ম্যাচ হারের কারণ হিসেবে মুশফিক দলের ফিল্ডিংকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। রবিবারের ম্যাচ শেষে একই কথা বলতে হয়েছে মুশফিককে, ‘ঢাকা ভালো দল। উইকেট ব্যাট করার জন্য যথেষ্ট ভালো, আমরাই ভালো ব্যাটিং করতে পারিনি। স্কোরবোর্ডে আর কিছু রান যোগ করতে পারলে ফলাফল ভিন্ন হতে পারত। এছাড়া বেশকিছু দিন ধরেই আমাদের ফিল্ডিং ভালো হচ্ছে না। সেখানেই আমরা পিছিয়ে যাচ্ছি।’
তিনি আরও যোগ করেন, ‘সামনের ম্যাচে সমস্যাগুলো কাটিয়ে উঠার চেষ্টা করবো। পরের তিন ম্যাচ জিততে মাঠে সব রকমের চেষ্টাই করব।’
/আরআই/এফআইআর/








