নাবিল সামাদের স্পিন ঘূর্ণিতে অবশেষে হারের বৃত্ত ভেঙেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। কুমিল্লার দ্বিতীয় জয়ে ম্যাচ সেরার পুরস্কার জুটেছে এই স্পিনারের হাতে। মঙ্গলবার বরিশালকে ১৪২ রানে আটকে রাখতে বল হাতে উজ্জ্বল পারফরম্যান্স করেছেন নাবিল সামাদ। ৪ ওভারে ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট।
তাই কুমিল্লার দ্বিতীয় জয় এনে দিতে পেরে দারুণ খুশি নাবিল সামাদ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘খুবই ভালো লাগছে। ম্যাচসেরা হওয়ার থেকেও বড় বিষয় দলের জয়ে আমি অবদান রাখতে পেরেছি। এটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই চাচ্ছি ভালো করতে। আজকে আমি ভাগ্যবান ছিলাম। ভালো জায়গায় বল করেছি, উইকেট পেয়েছি। অন্যান্য দিন হয়ত পাইনি।’
টানা হারের পেছনে ব্যাটসম্যানদের দায় আছে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘যখন দল হারে তখন ভুল একজনের হয় না। পুরো দলের হয়। ওগুলো বলে লাভ নেই। আমরা সবাই ভুল করেছি। বোলাররা ভালো করেনি, ফিল্ডাররা ভুল করেছে আবার ব্যাটসম্যানরা প্রয়োজনমত ভালো করতে পারেনি। সব মিলিয়ে সবাই আমরা সমান ভাগিদার।’
কুমিল্লা ভিক্টোরিয়ানসের আশা এখনো কাগজে-কলমে বেঁচে আছে। যদিও বাকি সবগুলো ম্যাচে জেতার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অন্যদলগুলোকে হারতে হবে। কুমিল্লা অবশ্য সেরা চারে যাওয়া নিয়ে ভাবছে না। তাদের ভাবনায় আপাতত বাকি তিনটি ম্যাচ জেতা, ‘আমরা প্রতিটি খেলা জেতার চেষ্টা করছি। হয়নি, আমাদের ভাগ্য ভালো ছিল না। যতগুলো খেলা বাকি আছে সেগুলো আমাদের জেতার চেষ্টা থাকবে। হার-জিত পরের বিষয়। চেষ্টা প্রথম থেকেই ছিল। এখন হচ্ছে আর কি…’
/আরআই/








