বিশ্ব রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান খুব সহজে হাল ছাড়েনি। অস্ট্রেলিয়াকে খাটিয়ে তারপর হেরেছে মিসবাহ উল হকের দল। গ্যাবায় প্রথম তিনদিন ও রাত অজিরা দাপট দেখালেও সফরকারীদের দৃঢ় ব্যাটিংয়ে অল্প ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। ৩৯ রানে অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্ট হেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
লক্ষ্য থেকে মাত্র ৪০ রান দূরে থাকতে গুটিয়ে গেছে পাকিস্তান। ৮ উইকেটে ৩৮২ রানে শেষদিন খেলতে নেমেছিল তারা। লক্ষ্য থেকে তখনও ১০৮ রান দূরে ছিল সফরকারীরা। আসাদ শফিক ও ইয়াসির শাহের জুটি দারুণ একটা সম্ভাবনাও জাগায়। আগের দিন চমৎকার সেঞ্চুরি করা আসাদ অষ্টম এ উইকেট জুটিতে ৭১ রান করেন।
কিন্তু দল যখন ৪১ রান দূরে তখন মিচেল স্টার্কের শর্ট বলে ডেভিড ওয়ার্নারের ক্যাচ হন আসাদ। ২০৭ বলে ১৩ চার ও ১ ছয়ে ইনিংস সেরা ১৩৭ রানে আউট হন তিনি। তিনটি বল পর অধিনায়ক স্টিভেন স্মিথ সরিয়ে ফেলেন শেষ বাঁধা। দ্বিতীয় স্লিপ থেকে সরাসরি থ্রোতে তিনি রান আউট করেন ইয়াসিরকে (৩৩)। ৪৯০ রানের লক্ষ্যে নেমে লড়তে থাকা পাকিস্তান গুটিয়ে যায় ৪৫০ রানে। সূত্র- ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস- ৪২৯ ও দ্বিতীয় ইনিংস- ২০২/৫ ডিক্লে.
পাকিস্তান: প্রথম ইনিংস- ১৪২ ও দ্বিতীয় ইনিংস- ১৪৫ ওভারে ৪৫০ (আসাদ ১৩৭, ইয়াসির ৩৩; স্টার্ক ৪/১১৯, বার্ড ৩/১১০)
ফল: অস্ট্রেলিয়া ৩৯ রানে জয়ী
ম্যাচসেরা: আসাদ শফিক (পাকিস্তান)
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া
/এফএইচএম/








