অস্ট্রেলিয়ায় গত মাসে দুর্দান্ত জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। একই রকম দাপট তারা দেখাতে চায় সফরকারী শ্রীলঙ্কাকে। এ লক্ষ্য নিয়ে আগামীকাল সোমবার পোর্ট এলিজাবেথে প্রথম টেস্ট খেলতে নামবে প্রোটিয়ারা।
গুরুত্বপূর্ণ তিন তারকা এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন ও মরনে মরকেলকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তারপরও লঙ্কানদের বিপক্ষে জয়ের প্রত্যাশা করছে তারা। কারণ দক্ষিণ আফ্রিকায় আগের ১০ টেস্ট খেলে ৮টিতে হারের অভিজ্ঞতা দ্বীপ রাষ্ট্রটি।
অন্যদিকে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই প্রোটিয়ারা খেলবে এ টেস্ট সিরিজ। ফাফ ডু প্লেসিসের অধীনে গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় ২-১ এ সিরিজ জিতেছিল তারা। প্রথম টেস্টে নিজেদের প্রত্যাশা নিয়ে ভারপ্রাপ্ত এ অধিনায়ক কথা বলেছেন, ‘লোকজন প্রত্যাশা করে যে আমরা শ্রীলঙ্কাকে হারাব। কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়ার মতো নয়। তারা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভালো ক্রিকেট খেলছে।’ কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের মতো তারকা হারালেও লঙ্কানদের মান নিয়ে কোনও প্রশ্ন তুলতে চান না ডু প্লেসিস, ‘তাদের ক্রিকেট দল ভালো মানের। যদিও তারা গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে হারিয়েছে তারপরও তাদের স্পিনাররা অবিশ্বাস্য।’
কিন্তু পোর্ট এলিজাবেথের ফ্ল্যাট উইকেট স্পিনারদের জন্য সহায়ক হবে না মনে করেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ, ‘আমি মনে করি না দক্ষিণ আফ্রিকায় উইকেট থেকে খুব বেশি সহায়তা পাব। সিমারদের জন্যই অনেক ভালো হবে।’ অবশ্য শ্রীলঙ্কার জন্য সুখবর হচ্ছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সহঅধিনায়ক দিনেশ চান্দিমাল ফিরেছেন দক্ষিণ আফ্রিকা সফরে। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/








