নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছে সফরকারী বাংলাদেশ। হারের পর খেলা শেষে প্রথম খেলার ময়নাতদন্ত করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচে নিজেদের পরিকল্পনার প্রয়োগ ঠিকভাবে হয়নি বলেই মন্তব্য করেন মাশরাফি, ‘প্রথম খেলাতো, আমাদের অনেকে কিছুটা একসাইটেড ছিল। শর্ট বল একটু বেশি করা হয়ে গেছে। শর্টবল ওরাও করেছে। আমাদের শর্টবলগুলোর অনেকগুলো পরিকল্পনামাফিক হয়নি। এ মাঠে ২৮০-৩০০ রান বা বেশি হতে পারে এটি আমাদের ধারণাতেই ছিল। গত বিশ্বকাপেও আমরা তাই করেছি। কিন্তু আজ ওদের রান কিছুটা বেশিই হয়ে গেছে।’
নিজেদের ইনিংসে দ্রুত উইকেট পড়ে যাওয়াকেও হারের অন্যতম কারণ হিসেবে দাঁড় করিয়েছেন মাশরাফি, ‘আমাদের কিছু দ্রুত উইকেট এভাবে পড়ে না গেলে খেলাটা একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো।’
তারপরেও এই ম্যাচ থেকে আশার নুড়ি পাথর খুঁজে পেয়েছেন মাশরাফি, ‘এরপরও আশার কথা মিডল অর্ডার, লোয়ার অর্ডার আমাদের ভালো করেছে। এরপরও ব্যাটিংটা আরও ভালো হওয়া উচিত ছিল। আমাদের ব্যাটসম্যানদের জুটিগুলো আরেকটু লম্বা করা গেলে ভালো হতো।’
এসময় সাকিব-মুশফিকের খেলা-জুটির কথা বিশেষ করে উল্লেখ করেন মাশরাফি। তরুণ মোসাদ্দেকের প্রশংসা করে তিনি বলেন, ‘ও বেশকিছু দিন ধরে ধারাবাহিক ভালো করছে। খুব ভালো খেলেছে আজকে। কিন্তু শেষ পর্যন্ত তাকে সঙ্গ দিয়ে যাওয়ার কেউ ছিল না।’
পরের ম্যাচ হবে নেলসনে। আর এই ম্যাচ নিয়ে খুবই আশাবাদী মাশরাফি, ‘ওই মাঠ-উইকেট আমাদের পরিচিত। গত বিশ্বকাপের সময় আমরা সেখানে খেলেছি। আশা করি, সেখানে আমরা এখানকার চেয়ে ভালো কিছু করতে পারবো।’
/এফআইআর/








