সামর্থ্যের ৮০ শতাংশ ইনটেনসিটিতে পাঁচ ওভার বল করেছেন। খুব দ্রুতই পুরো ইনটেনসিটিতে বোলিং করতে পারবেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন শফিউল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন শফিউল ইসলাম।
১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন শফিউল। ইনজুরি তাকে ছিটকে না দিলে এখন নিউজিল্যান্ডে দলের সঙ্গে থাকতেন জাতীয় দলের এই পেসার। যদিও এরই মধ্যে ফেরার লড়াই শুরু করেছেন। সোমবার মিরপুর একাডেমিতে প্রথমবারের মতো বল হাতে নিয়েছেন।
ইনজুরিতে পড়ার ঠিক এক মাস পর বল হাতে নিয়েছেন তিনি। সামর্থ্যের ৮০ শতাংশ ইনটেনসিটিতে পাঁচ ওভার বল করেছেন। খুব দ্রুতই পুরো ইনটেনসিটিতে বোলিং করতে পারবেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন শফিউল। এদিন একাডেমি মাঠের নেটে জাতীয় লিগের দল ঢাকা মেট্রোর ব্যাটসম্যানদের বিপক্ষে ছোট রান-আপে বোলিং করেছেন তিনি।
নিজের উন্নতি প্রসঙ্গে বলতে গিয়ে শফিউল বলেছেন, ‘আমি আশা করছি ১ বা ২ তারিখের মধ্যে পুরোদমে বোলিং করতে পারব। এই কয়েকদিনে আস্তে আস্তে গতি বাড়াব। পুরো ইনটেনসিটিতে বোলিং করতে হয়তো সপ্তাহ খানেক লাগবে। আজ ৮০-৯০ ভাগ ইনটেনসিটিতে বোলিং করেছি। আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করছি।’
তিনি আরও যোগ করেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পাব কিনা সেটা বলতে পারছি না। আমি পুরো ফিট হয়ে উঠার চেষ্টা করছি। খেলার সুযোগ পেলে, অবশ্যই ভালো লাগবে।’
শফিউলের উন্নতিতে খুশি ফিজিও বায়েজিদুল ইসলাম খানও। তিনি বলেছেন, ‘আজ শফিউল ৮০ শতাংশ ইনটেনসিটিতে বোলিং করেছে। বুধবার আবার বোলিং করবে। আস্তে আস্তে ইনটেনসিটি বাড়বে। যেভাবে উন্নতি হচ্ছে, আশা করিছে পুরো ফিট হতে খুব বেশি সময় লাগবে না।’
আগামী ১৩ জানুয়ারি ব্লাকক্যাপদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। টেস্ট সিরিজ শুরুর আগেই শফিউল পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা বায়েজিদুলের।
/আরআই/এফএইচএম/








