মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। বৃষ্টিতে দ্বিতীয় টেস্টের প্রায় প্রতিটা দিন ম্যাচের অর্ধেকের বেশি ভেস্তে গেছে। তাও ভালো চতুর্থ দিন আরেকটু আগে বৃষ্টি নামেনি। তাহলে হয়তো স্টিভেন স্মিথের সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হতো আরেকদিন।
চারদিন শেষে এখনও কোনও দল নামেনি দ্বিতীয় ইনিংস খেলতে। বলা যায়, ম্যাচটি নিশ্চিত ড্র হতে চলেছে। তিন ম্যাচের সিরিজে যেখানে ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার চতুর্থ দিন নেমেই অস্ট্রেলিয়ার একটি আক্ষেপ। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি উসমান খাজা। গত নভেম্বরে পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৭ রানে আউট হন তিনি। এ মৌসুমে দ্বিতীয়বার সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে খাজা আউট হলেন পাকিস্তানের বিপক্ষে। ৯৫ রানে খেলতে নেমে ওয়াহাব রিয়াজের বলে সরফরাজ আহমেদের ক্যাচ হন তিনি।
এ বাঁহাতি ব্যাটসম্যান আক্ষেপে দিন শুরু করলেও অধিনায়ক স্টিভেন স্মিথ বৃষ্টি নামার আগে স্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। ১৬৮ বলে ক্যারিয়ারের ১৭তম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর কয়েক মিনিট পরই শুরু হয় ভারী বর্ষণ। দলকে তিনি এনে দেন ২২ রানের লিড। তার সঙ্গে পিটার হ্যান্ডসকম্বের ৯২ রানের জুটিটিই ছিল দিনের সবচেয়ে নজরকাড়া। হ্যান্ডসকম্ব ৫৪ রানে আউট হলে নিক ম্যাডিনসন (২২) ও ম্যাথু ওয়েড (৯) অধিনায়ককে উপযুক্ত সঙ্গ দিতে পারেননি।
স্মিথের সেঞ্চুরির পর আম্পায়ারের ম্যাচ বন্ধ ঘোষণার আগে অস্ট্রেলিয়া এদিন খেলেছে ৫৫.৫ ওভার। প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৩ রানের জবাবে তাদের দিন শেষ হয়েছে ৬ উইকেটে ৪৬৫ রানে। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/








