ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের শেষ ও ষষ্ঠ রাউন্ড শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। এই রাউন্ড শেষে জানা যাবে কোন দলটি নিচের স্তরে নেমে যাচ্ছে; আর কোনটি নিচের স্তর থেকে উপরের স্তরে উঠে আসছে। যদিও দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কায় রয়েছে ঢাকা মেট্রো। শেষ রাউন্ড শুরু হওয়ার আগে তাদের পয়েন্ট সংখ্যা ২৬। তৃতীয় অবস্থানে থাকা বরিশালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা।
শেষ রাউন্ডে বরিশালকে পেছনে ফেলতে অসাধারণ কিছু করে দেখাতে হবে আশরাফুল-মার্শাল-মারুফদের। ঢাকা মেট্রোর কোচ মিজানুর রহমান বাবুল অবশ্য আশাবাদী, ‘শেষ রাউন্ড শুরু হওয়ার আগে দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। আসলে লিগে আমরা বাজে ক্রিকেট খেলেছি। তবে সবশেষ ম্যাচে আমরা বরিশালের চেয়ে ২ পয়েন্ট বেশি তুলেছি। বরিশাল আমাদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। লক্ষ্য থাকবে যত দ্রুত ৬ পয়েন্ট তুলে নেওয়া যায়। আশা করি ছেলেরা শেষ রাউন্ডে ভালো খেলতে পারবে।’
দ্বিতীয় স্তরে থেকে প্রথম স্তরে উঠতে দুটি দল লড়াই করছে। শেষ রাউন্ডে রাজশাহী ও রংপুরের মধ্যে যারা পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে তারাই চলে যাবেন প্রথম স্তরে। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ৩।
প্রসঙ্গত, পঞ্চম রাউন্ড শেষে ৪৪ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে খুলনা। ৩৭ পয়েন্ট নিয়ে ঢাকা বিভাগ দুইয়ে, ৩২ পয়েন্ট নিয়ে বরিশাল তিনে, আর ২৬ পয়েন্ট নিয়ে ঢাকা মেট্রো আছে চতুর্থ স্থানে।
অন্যদিকে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রাজশাহী। ২৭ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম তিনে, আর ২৫ পয়েন্ট নিয়ে সিলেট আছে সবার নিচে।
/আরআই/এফএইচএম/








