ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ফতুল্লায় মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও খুলনা বিভাগ। প্রথম স্তরে টিকে থাকতে হলে এই ম্যাচটি ঢাকা মেট্রোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ রাউন্ড থেকে যত বেশি বোনাস পয়েন্ট নেওয়ার সুযোগ পাবে মেট্রো, ততোই তাদের জন্য মঙ্গল হবে।
মঙ্গলবার আগে ব্যাটিং করা খুলনার ব্যাটিং অর্ডারে ছন্দপতন ঘটান অভিজ্ঞ পেসার ডলার। জাতীয় দলের হয়ে ৭টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকা ডলার প্রথম দিনে খুলনার গুরুত্বপূর্ণ ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান। তার তোপে পড়ে খুলনা শেষ পর্যন্ত ৬১.৪ ওভারে ২০৭ করতেই অলআউট হয়ে যায়।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন এনামুল হক বিজয়। ১৩৬ বলে ৫ চার ও এক ছয়ে ৬২ রানের ইনিংস খেলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়া মোহাম্মদ মিঠুন ৩৬ ও আবদুর রাজ্জাক ৩৪ রান করেছেন।
ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫টি উইকেট নেন ডলার, এর জন্য খরচ করেছেন ৫৩ রান। এছাড়া আবু হায়দার রনি ও আরাফাত সানি প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।
প্রথম দিনের শেষ বিকালে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ঢাকা মেট্রোও। ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৭ রান। ওপেনার শামসুর রহমান ১৪ ও মেহরাব হোসেন জুনিয়র ১ রান নিয়ে অপরাজিত আছেন। খুলনার চেয়ে আরও ১৭০ রান পিছিয়ে ঢাকা মেট্রো।
খুলনার বোলারদের মধ্যে আল আমিন হোসেন, আশিকুজ্জামান ও জিয়াউর রহমান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
/আরআই/এফএইচএম/








