সিডনিতে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৫৩৮ রানের জবাবে ২ উইকেটে ১২৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। পাকিস্তান এখনও পিছিয়ে ৪১২ রানে।
সিডনিতে তৃতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়লেও ছেড়ে কথা বলছে না পাকিস্তান। বিশেষ করে একরোখা ভঙ্গিতে ক্রিজে জমে যাওয়ার ইঙ্গিত দিয়ে পাল্টা জবাব দিচ্ছেন আজহার আলী ও ইউনিস খান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৫৩৮ রানের জবাবে ২ উইকেটে ১২৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। পাকিস্তান এখনও পিছিয়ে ৪১২ রানে।
ব্যাটিং স্বর্গের সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এর আগে ৮ উইকেটে ৫৩৮ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এদিন দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন পিটার হ্যান্ডসকম্ব। আগের দিন ১৬৭ রানে থাকা রেনশ এদিন বিদায় নেন ১৮৪ রানে। তাকে বোল্ড করেন ইমরান খান। আর ৪০ রানে দিন শেষ করা কম্ব এদিন বিদায় নেন সেঞ্চুরি তুলেই। করেন ১১০ রান। যদিও বিদায় নিয়েছেন ওয়াহাব রিয়াজের বলে হিট উইকেট হয়ে!
জবাবে খেলতে নামা পাকিস্তানের আরও বেহাল দশাই কাম্য মনে করা হচ্ছিল! কারণ ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ ও হ্যান্ডসকম্বের রানে চাপা পড়ে যাওয়া পাকিস্তান চা পানের বিরতির আগেই হারিয়ে বসে দুই উইকেট। শেষ সেশনে মনে করা হচ্ছিল হয়তো আসা যাওয়া মিছিল লেগেই থাকবে। তবে তা আর হতে দেননি আজহার ও ইউনিস। নিজের দুর্দান্ত টাচ অব্যাহত রেখেছেন আজহার। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ক্রিজে আছেন ৫৮ রানে। আর সফরে জ্বলে না উঠা ইউনিসও সঙ্গ দিচ্ছেন তাকে। ফর্মে ফেরার অপেক্ষায় থাকা এই অভিজ্ঞ ক্রিকেটার ক্রিজে আছেন ৬৪ রানে।
বিদায় নেওয়া শারজিল খান ও বাবর আজমের দুটি উইকেটই নেন হ্যাজলউড।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫৩৮/৮ ডি. (রেনশ ১৮৪, ওয়ার্নার ১১৩, হ্যান্ডসকম্ব ১১০)
পাকিস্তান প্রথম ইনিংস: ১২৬/২ (আজহার ৫৮*, ইউনিস ৬৪*)
/এফআইআর/








