ভবিষ্যতের মাশরাফি-সাকিবদের খুঁজে পেতে বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০১৬-১৭। এই আসরে সারা দেশের ৫৪০ স্কুলের প্রায় ১০ হাজার ৮০০ ক্ষুদে ক্রিকেটার অংশ নেবে। দেশের ৬৪ জেলায় মোট ৯৬৫ ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ক্রিকেটের অনেক সাবেক এবং বর্তমান ক্রিকেটার আছেন, যারা স্কুল ক্রিকেটের মাধ্যমে তাদের ক্রিকেটের বীজ বপন করেছিলেন। সাফল্যের সিঁড়ি বেয়ে পরে তারা তারকা কিংবা মহাতারকা হয়েছেন। এ জন্যই স্কুল ক্রিকেটকে প্রত্যেকটি ক্রিকেটারের স্বপ্নের প্রথম সিঁড়ি ভাবা হয়। সেই সিঁড়ি বেয়ে ধাপে ধাপে স্বপ্নটা বেড়ে উঠতে থাকে ক্রিকেটারদের।
ভবিষ্যতের মাশরাফি-সাকিবদের খুঁজে পেতে বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০১৬-১৭। এই আসরে সারা দেশের ৫৪০ স্কুলের প্রায় ১০ হাজার ৮০০ ক্ষুদে ক্রিকেটার অংশ নেবে। দেশের ৬৪ জেলায় মোট ৯৬৫ ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রত্যেকটি জেলা চ্যাম্পিয়নরা অংশ নেবে বিভাগীয় পর্যায়ে। বিভাগীয় পর্যায়ে হবে মোট ৫৭টি ম্যাচ। আর জাতীয় পর্যায়ের ৭ ম্যাচ শেষে নির্ধারিত হবে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন। দেশের বিভিন্ন প্রান্তের ৭০ ভেন্যুতে এবার অনুষ্ঠিত হবে স্কুল ক্রিকেটের এই জাতীয় আসর।
বুধবার এই উপলক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও প্রাইম ব্যাংকের জনসংযোগ শাখার প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।
স্কুল ক্রিকেটের জন্য ৬ বছরের চুক্তি করেছে প্রাইম ব্যাংক। চলতি বছর সেই চুক্তির দ্বিতীয় বছর চলছে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী তার বক্তব্যে বলেছেন, ‘গেল আসর থেকে বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে একটি বিশেষ দল ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশন এবং স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ভারতের মুম্বাইয়ে ওয়ার্ল্ড স্কুল চ্যাম্পিয়নশিপ ২০১৭'তে অংশ নিতে যাবে। যার পৃষ্ঠপোষকতা করবে প্রাইম ব্যাংক।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘দেশের ক্রিকেটের সমৃদ্ধ পাইপ লাইন তৈরিতে দারুণ ভূমিকা রাখছে স্কুল ক্রিকেট। বাংলাদেশের বর্তমানের বয়সভিত্তিক দলগুলোর বেশিরভাগ ক্রিকেটার উঠে আসছে এখান থেকে। অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের ১৭ ক্রিকেটার খেলেছেন স্কুল ক্রিকেটের গেল আসরে। আর অনূর্ধ্ব ১৭ জাতীয় দলের ১৬ জন বাছাইকৃত ক্রিকেটার মাঠ মাতিয়েছেন নিজের স্কুলের জার্সি গায়ে।’
উল্লেখ্য, ২০১৬-১৭ আসরে সর্বোচ্চ ১২৪ স্কুল অংশ নিচ্ছে ঢাকা বিভাগ থেকে। চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি ৮৮ স্কুল, খুলনা বিভাগে খেলছে ৮০ স্কুল। বরিশালে ৪০, ঢাকা মেট্রোর ৩২, রাজশাহীর ৬৮, রংপুরের ৬৮ আর সিলেট বিভাগে অংশ নিচ্ছে ৩৬ স্কুল। ৭ বিভাগের পাশাপাশি ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন দল অংশ নেবে জাতীয় চ্যাম্পিয়নশিপে। প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের গেল আসরের চ্যাম্পিয়ন টাঙ্গাইল স্কুল এন্ড কলেজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০১৫-১৬ আসরের ফাইনালে দিনাজপুর হাই স্কুলকে ৩ উইকেটে হারায় টাঙ্গাইলের স্কুলটি।
/আরআই/কেআর/








