সাইফ হাসান ও তাইবুর রহমানের ডাবল সেঞ্চুরিতে চালকের আসনে ঢাকা বিভাগ। দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৫৮৮ রান করে ইনিংস ঘোষণা করেছে ঢাকা। জবাবে ৬ উইকেটে ১০১ রান করা বরিশাল দিনশেষে পিছিয়ে ৪৮৭ রানে।
ঢাকার পক্ষে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন সাইফ হাসান। প্রথম দিনেই সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন তরুণ এই ব্যাটসম্যান। বুধবার ১৩১ রানকে নিয়ে যান ডাবল সেঞ্চুরিতে। ৪১০ বলে ২০ চার ও ১ ছয়ে ২০৪ রানের ইনিংস খেলেছেন যুব দলের এই অধিনায়ক। চতুর্থ উইকেটে তাইবুলকে সঙ্গে নিয়ে ৩০৪ রানের জুটি গড়েন তিনি।
তাইবুরও পেয়েছেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে ২০১৩-১৪ মৌসুমে বিকেএসপিতে রাজশাহীর বিপক্ষে ২০৭ রানের ইনিংস খেলেছিলেন। বুধবার ক্যারিয়ারে সেরা ২৪২ রান এসেছে তার ব্যাট থেকে।
এই দুই ডাবল সেঞ্চুরিতে ১৫২.৫ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ঢাকা ৫৮৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। সাইফ-তাইবুর ছাড়া অন্য ব্যটাসম্যনাদের মধ্যে জাহিদুজ্জামান ৫৭ ও নাদিফ চৌধরী ৩৫* রান করেছেন।
বরিশালের বোলারদের হয়ে তৌহিদুল ইসলাম সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া মনির হোসেন নিয়েছেন একটি উইকেট।
বিশাল চাপ মাথায় নিয়ে নিজেদের প্রথম ইনিংস শুরু করা বরিশাল দিনশেষে চাপের মুখে পড়েছে। তাদের সংগ্রহ ৬ উইকেটে ১০১। দিনশেষে তারা পিছিয়ে ৪৮৭ রানে।
ঢাকার বোলারদের মধ্যে শাহাদত হোসেন ও মোহাম্মদ শরীফ সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন।
/আরআই/কেআর/








