টেস্টে ক্রিকেটে সবচেয়ে বেশি সংখ্যক দেশে সেঞ্চুরি উদযাপন করার ইতিহাস গড়লেন ইউনুস খান। সংযুক্ত আরব আমিরাতসহ ১১ দেশে টেস্ট সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় হলেন পাকিস্তানের এ ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে পাকিস্তান ব্যাট করতে নামে। আর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ক্যারিয়ারের ৩৪তম টেস্ট সেঞ্চুরি করে আরেকটি মাইলফলক ছোঁন ইউনুস। সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় তিনি সুনীল গাভাস্কার, মাহেলা জয়াবর্ধনে ও ব্রায়ান লারার সঙ্গে যুগ্মভাবে ছয় নম্বরে উঠে এসেছেন তিনি। সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক হলেন শচীন টেন্ডুলকার (৫১)।
চা বিরতির পরই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি পান ইউনুস। ২০৮ বলে তিন অঙ্ক ছুঁয়ে তিনি পৌঁছে যান সবচেয়ে বেশি সংখ্যক দেশে টেস্ট সেঞ্চুরিয়ানের আসনে।
তিনি ছাড়া আর মাত্র একজনই ১০টি পূর্ণ টেস্ট খেলুড়ে সব দেশের মাটিতে সেঞ্চুরি করেছেন- রাহুল দ্রাবিড়।
আরব আমিরাত টেস্ট মর্যাদা না পেলেও পাকিস্তানের হোম ভেন্যু। সেখানেও রয়েছে ইউনুসের সেঞ্চুরি। আর সেই হিসেবে দ্রাবিড়ের চেয়ে একটি বেশি দেশে শতক হাঁকানোর কৃতিত্ব হলো পাকিস্তানি তারকার। সূত্র- ডন
/এফএইচএম/








