মাউন্ট মাঙ্গানুইর বে ওভাল ক্রিকেট স্টেডিয়ামের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও টস জিতে বল হাতে নিয়েছে বাংলাদেশ। এর আগে টস জিতে বাংলাদেশ ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা ফিল্ডিং’ এর সিদ্ধান্ত নেন। রোদেলা বে ওভাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবার আগের ম্যাচের চাইতে বাতাস বইছে বেশি। বাতাস বইছে ঘণ্টায় ৩৭ কি.মি. গতিতে। প্রশান্ত মহাসাগর থেকে উড়ে আসা এই বাতাসের দাপট বাংলাদেশের খেলোয়াড়দের আজও ভোগাতে পারে।
উল্লেখ্য, মাউন্ট মাঙ্গানুইর এই মাঠে আগের ম্যাচে হারের পর বাংলাদেশের ক্যাপ্টেন দলগত পারফরম্যান্সের ঘাটতির পাশাপাশি বাতাসকেও দায়ী করেছিলেন। নিউজিল্যান্ড সফরে এটি বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর বাংলাদেশ দল এরমাঝে টি-টোয়িন্টিতেও সিরিজ হেরে বসে আছে। আজ জিততে পারলে অন্তত এই সিরিজেও হোয়াইটওয়াশ থেকে রক্ষা পাবে দল। মাউন্ট মাঙ্গানুইর ম্যাচে হারার আগে তারা নেপিয়ারে হেরেছে। অথচ সব দিনের মতো আজও একটি জয়ের অপেক্ষায় সারা বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্ত বসবাসরত বাংলাদেশিরা। বরাবরের মতো দলের পক্ষে শনিবারও জয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তামিম ইকবাল প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, একটি জয়ের জন্যে খেলোয়াড়রাও মুখিয়ে আছেন।
বাংলাদেশ দলের একটি পরিবর্তন আছে। তা বহুল আলোচিত-প্রত্যাশার মুস্তাফিজের ক্ষেত্রে। তাকে বিশ্রাম দিয়ে তাসকিনকে আবার দলে ফিরিয়ে আনা হয়েছে। চোটের কারণে দীর্ঘদিন দল বিচ্ছিন্ন মুস্তাফিজ নিউজিল্যান্ড সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও তিনি যে শতভাগ ফিট নন তা ক্রাইস্টচার্চের প্রথম ম্যাচ থেকেই বোঝা যাচ্ছিল। সর্বশেষ শনিবার মুস্তাফিজ অনুশীলনে আসেননি। শুক্রবারের ম্যাচের আগে বৃহস্পতিবার অনুশীলনে এলেও প্রায় সারাক্ষণ নেটের বাইরে মাঠে বসেছিলেন।
বে ওভাল ক্রিকেট স্টেডিয়ামের মাঠে আজও এসেছেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি। তাওরাঙ্গা, মাউট মাঙ্গানুইতে স্বল্প সংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস। প্রবাসীদের অনেকে অকল্যান্ড, নেপিয়ারসহ নিউজিল্যান্ডের নানা শহর থেকে এসেছেন। সিডনি থেকেও এসেছে কয়েকটি পরিবার। এদের সবারও প্রার্থনা একটি জয়।
বাংলাদেশ স্কোয়াড: তামিম, ইমরুল, সাব্বির, সাকিব, সৌম্য, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মাশরাফি, নুরুল হাসান, রুবেল, তাসকিন
নিউজিল্যান্ড স্কোয়াড: উইলিয়ামসন, নিশাম, মুনরো, অ্যান্ডারসন, ব্রুস, গ্র্যান্ডহোম, ব্লান্ডেল, স্যান্টনার, হুইলার, বোল্ট ও সোধি।
/এফআইআর/








