দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচগুলোতে তেমন সুখকর অভিজ্ঞতা হয়নি বাংলাদেশের মেয়েদের। সেই হতাশা ভুলে এবার ভালো কোনও ফল দিয়ে দেশের মানুষকে খুশি করতে চায় তারা।
বাংলাদেশের মেয়েরা এই প্রথম কোনও দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। আগামী বৃহস্পতিবার শেখ কামাল কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে।
এর আগে দুই দল ৬ বার মুখোমুখি হয়েছে। প্রথম মুখোমুখিতে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। তারপর ছন্দপতন ঘটেছে; এখনও প্রোটিয়াদের বিপক্ষে হারানো ছন্দ ফিরে পায়নি জাহানারা-রুমানারা। ২০১২ সালের সেপ্টেম্বরে মিরপুরে দক্ষিণ আফ্রিকা মেয়েদের বিপক্ষে প্রথম লড়াইয়ে ২ উইকেটে জিতেছিল বাংলাদেশের মেয়েরা।
প্রতিপক্ষকে ৭৫ রানে অলআউট করে দিয়ে দুই উইকেটে জিতেছিল স্বাগতিকরা। ওই সিরিজে শেষ দুটি ম্যাচ অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা।
এরপর ২০১৩ সালে বাংলাদেশের মেয়েরা ফিরতি সফরে যায় দক্ষিণ আফ্রিকায়। সেখানেও তিনটি ম্যাচ খেলতে মাঠে নামে। যার সবগুলোতেই হার দেখতে হয়েছে সালমা খাতুনের নেতৃত্বে খেলা বাংলাদেশ দলকে।
তিন বছর পর ফের ঘরের মাঠে খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। এবার ৫ ম্যাচের সিরিজ। নতুন কোচ, নতুন অধিনায়কের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয়তো ভালো কিছুই করবে বাংলাদেশের মেয়েরা।
সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ। চলতি বছর বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হবে লাল-সবুজদের। তার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
/আরআই/এফএইচএম/








