অস্ট্রেলিয়া হয়ে নিউজিল্যান্ডে গিয়ে প্রায় দেড় মাসের সফরে ছিলেন মুমিনুল হক। সিডনিতে ৯ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে দলের সঙ্গে অনুশীলন করেছেন। যদিও খেলেছেন মাত্র একটি টেস্ট। তাও আবার ইনজুরিতে পড়ে আগেভাগে দেশে ফিরতে হয়েছে তাকে। তারপরও নিউজিল্যান্ডের সফর শেষে নিজেকে আরও পরিণত মনে হচ্ছে বলে মত দিয়েছেন তিনি।
শুধু টেস্ট খেলবেন এমনটা ভেবেই নিউজিল্যান্ড গিয়েছিলেন মুমিনুল হক। বাংলাদেশ যখন ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলছিল; তখন দলের সঙ্গে থেকেই অনুশীলন করেছেন। প্রস্তুতি নিচ্ছিলেন টেস্টে কীভাবে ভালো করবেন। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ভালো শুরুর ইঙ্গিত অবশ্য রাখছিলেন। কিন্তু ইনজুরি তাকে ছিটকে দিয়েছে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে। এখন ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ফেরার অপেক্ষায় আছেন তিনি।
ওয়েলিংটন টেস্টে পাঁজরের ইনজুরিতে পড়ে গত ২২ জানুয়ারি মুশফিকের সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় ফেরেন মুমিনুল। বুধবার বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছিলেন মিরপুরে। সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
দল ব্যর্থ হলেও মুমিনুল নিজের জন্য এই সিরিজটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন, ‘পুরো সিরিজে হয়তো ফল ভালো হয়নি। তারপরও আমার কাছে মনে হয় অনেক ইতিবাচক দিক রয়েছে। নিউজিল্যান্ড সিরিজে আমি যা শিখেছি, আমি তার পুরো জীবনের অর্ধেক বেশি সময় শিখেছি। এগুলো আমার পরবর্তী ক্রিকেট ক্যারিয়ারে অনেক বেশি কাজে দেবে।’
টেস্ট সিরিজ ১২ জানুয়ারি শুরু হলেও মুমিনুল পুরো সফরেই দলের সঙ্গে থাকার সুযোগ পেয়েছেন। এজনই তিনি বোর্ড, কোচ ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘প্রথমে বোর্ড, টিম ম্যানেজমেন্ট, কোচ হাথুরুসিংহেকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি সফরে অনেকদিন আগেই গিয়েছি। পুরো একমাস সময় পেয়েছি। এটা আমার খুব কাজে লেগেছে। ওখানে অনুশীলন করাটা আমার ক্যারিয়ারের জন্য উপকারী হবে।’
ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে মুমিনুল রান করেছেন ৮৭। পাঁজরের ব্যথা না ভোগালে হয়তো ইনিংগুলোকে আরও লম্বা করতে পারতেন মুমিনুল। তবু তিনি সন্তুষ্ট, ‘পুরো এক মাস ওখানে কন্ডিশনে ক্যাম্পের মতো অনুশীলন করেছি। ওই জিনিসটা অনেক কাজে দিয়েছে। এর কারণে আমার কাছে ব্যাটিং করা খুব সহজ ছিল।’
ঘরের মাঠে চারটি সেঞ্চুরি থাকলেও বিদেশের মাটিতে এখনও সেঞ্চুরির দেখা পাননি মুমিনুল। তার আশা আসন্ন ভারত ও শ্রীলঙ্কা সফরে এই আক্ষেপ দূর করবেন, ‘দেশের বাইরে টেস্ট সেঞ্চুরি নেই। চেষ্টা করব ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করার।’
সীমিত ফরম্যাটের ক্রিকেট থেকে প্রায় নির্বাসিত মুমিনুল এখনই ফেরার কথা ভাবছেন না। তার চিন্তা টেস্টে আরও ধারাবাহিক হয়ে সাদা বলের ক্রিকেটে ফেরা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এমন কিছু ভাবছি না। আপাতত টেস্ট নিয়ে চিন্তা করছি। টেস্টে আরও ভালো মতো খেলে ও ভালো কিছু করে ওখানে সুযোগ করে নিতে চাই।’
/আরআই/এফএইচএম/








