খারাপ সময়ের সাগরে হাবুডুবু খাচ্ছেন আজহার আলি। নয়তো কী! অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর অধিনায়কের আসনটি যখন নড়বড়ে, তখন তার জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা এলো মরার উপর খাড়ার ঘা হয়ে।
বৃহস্পতিবারের শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে এ শাস্তি পেলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক। নিষেধাজ্ঞার কারণে আগামী এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ম্যাচ খেলতে পারবেন না আজহার।
ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানাও গুনতে হবে পাকিস্তানের এ ওপেনারকে। সময়ের হিসাবে তার দল দুই ওভার কম করেছে। এজন্য তার সতীর্থদের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
গত ১২ মাসে ওয়ানডেতে দ্বিতীয়বার স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হলেন আজহার। গত বছরের ৩১ জানুয়ারি অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে স্লো ওভার রেটের দায়ে ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয় তার বিরুদ্ধে। আইসিসির নিয়ম অনুযায়ী এক বছরে দুইবার এ শাস্তি পেলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় অধিনায়ককে।
গত নভেম্বরে হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে মিসবাহ উল হকের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে ম্যাচ ফির শতভাগ জরিমানা দিতে হয়েছিল আজহারকে। সব মিলিয়ে অধিনায়ক হিসেবে ব্যর্থতার ভারে জুবুথুবু তিনি। সূত্র- ক্রিকইনফো, ডন
/এফএইচএম/








