মোহাম্মদ শহীদের হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে। এজন্য তাকে নিয়ে বিসিবি পুরোনো চিকিৎসক ডেভিড ইয়াংয়ের শরাণাপন্ন হচ্ছেন। এর আগে মাশরাফির হাঁটুর একাধিকবার অস্ত্রোপচার করেছেন অস্ট্রেলিয়ার এই শল্যবিদ। সর্বশেষ ২০১৫ সালের জুনে হাঁটুর চোট নিয়ে ইয়াংয়ের ছুরির নিচে যান শাহাদাত হোসেন।
একই ধরনের ইনজুরি নিয়ে এবার ইয়াংয়ের শরণাপন্ন হচ্ছেন শহীদও। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানে চাপবেন জাতীয় দলের এই পেসার। পরবর্তীতে ইয়াংয়ের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলবে।
এ প্রসঙ্গে বিসিবিরি চিকিৎসক দেবাশিষ চৌধুরীর বলেছেন, ‘আমাদের ধারণা হচ্ছে ওর অস্ত্রোপচার লাগতে পারে। কিন্তু শেষ সিদ্ধান্ত যিনি অস্ত্রোপচার করবেন, তিনিই দেবেন। অস্ট্রেলিয়ায় মেলবোর্নে যে আমাদের পুরানো বন্ধু ডাক্তার ডেভিড ইয়াং তার কাছেই যাচ্ছে শহীদ।’
হাঁটুর অস্ত্রোপচার হলে শহীদকে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। অস্ত্রোপচার দরকার না পড়লেও ফিট হতে শহীদের এক থেকে দেড় মাস লেগে যাবে বলে জানান তিনি, ‘এসিএল রিকনস্ট্রাকশন ইনজুরি সাধারণত পাঁচ মাসের মতো সময় নেয়। ওর পুনর্বাসন চলছে, ফেরার প্রক্রিয়া চলছে। অস্ত্রোপচার না লাগলে আমরা আরও এক থেকে দেড় মাস সময় নেব।’
প্রসঙ্গত, বিপিএলে দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডে সীমিত ওভার ফরম্যাটের ক্রিকেটে ফেরার জন্য নিজের যথার্থতা জানান দিচ্ছিলেন শহীদ। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা এই পেসার ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট দখলের লড়াইয়ে ছিলেন। কিন্তু হঠাৎ হাঁটুর ইনজুরি শহীদকে ছিটকে দেয় নিউজিল্যান্ড সফর থেকে।
/আরআই/এফএইচএম/








