আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হচ্ছে না শহীদ আফ্রিদির! এমনটা হয়তো ভেবেই নিয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। তাই আপাতত বিশ্বব্যাপী লিগগুলোতেই চোখ রাখছেন সাবেক অধিনায়ক।
করাচিতে এক অনুষ্ঠানে এই তারকা বলেছেন, ‘আমি যেভাবে ক্রিকেটে খেলতে চেয়েছি, খেলেছি। আমি এখন লিগগুলোতেই মনোযোগ দিতে চাই।’
শুধু লিগে মনোযোগী হওয়ার কারণও আছে শহীদ আফ্রিদির। এশিয়া কাপ ও ২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্ব ছেড়ে দেন আফ্রিদি। এরপর আর দলে জায়গা পাননি। কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, আফ্রিদিকে অবসরে পাঠাতে ফেয়ারওয়েল ম্যাচ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি কোনও পক্ষই। কিন্তু আফ্রিদির এমন মন্তব্য তার ক্যারিয়ার শেষই ইঙ্গিত করে!
/এফআইআর/








