বিদেশি খেলোয়াড় হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে আবারও সাসেক্সে যোগ দিতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর।
গত মৌসুমে সাসেক্সের হয়ে ১০ ম্যাচ খেলে ৫০ গড়ে ও ১৩৩ স্ট্রাইক-রেটে ৩৯৪ রান করেছিলেন টেলর। সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৯৩। গত বছর সাসেক্সের হয়ে সব প্রতিযোগিতায় একটি সেঞ্চুরি ও ৯টি হাফসেঞ্চুরি মেরেছিলেন তিনি।
সম্প্রতি চোখের অস্ত্রোপচার করিয়ে আবার মাঠে ফিরেছেন টেলর। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছেন দারুণ কয়েকটি ইনিংস গড়ে। তবে বিগ ব্যাশ লিগের চলতি মৌসুমে কোনও দলে ডাক পাননি বলে হতাশা ছিল তার মনে। সেই হতাশা কাটানোর সুযোগ তিনি পাচ্ছেন ন্যাটওয়েস্ট ব্লাস্টে ডাক পেয়ে।
সাসেক্সের হয়ে আবার খেলতে মুখিয়ে টেলর এবং ব্যাট হাতে দলে প্রভাব রাখতে আত্মবিশ্বাসী তিনি, ‘সাসেক্সে ফিরতে পেরে আমি আনন্দিত। আমি গত মৌসুমে তাদের সঙ্গে সময়টা সত্যি উপভোগ করেছিলাম। আশা করি আসন্ন মৌসুমে ভালো অবদান রাখতে পারব।’ সূত্র- ক্রিকেটওয়ার্ল্ড
/এফএইচএম/








