নিউজিল্যান্ড সফরের মাঝপথে ইনজুরি নিয়ে আগেভাগে দেশে ফিরেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার ব্যাটসম্যান ইমরুল কায়েস ও মুমিনুল হক সৌরভ।
মুশফিক দুইদিন আগে ব্যাটিং করলেও ইমরুল ও মুমিনুল আজকেই (মঙ্গলবার) প্রথম ব্যাট হাতে নিয়েছেন। শুভাগত-রনি-হালিমদের বিপক্ষে ব্যাটিংয়ে বেশ সাবলীল ছিলেন তারা।
অনুশীলন শেষে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলও তেমনটাই জানালেন, ‘তাদের ইনজুরি বড় কিছু নয়। ব্যাটিং করার সময় কেউই ব্যথা অনুভব করেনি। ব্যাটিংয়ের পাশাপাশি ইমরুল ও মুমিনুল ফিল্ডিং অনুশীলন করেছে। যদিও তারা কোনও ডাইভ দেয়নি। বুধবার শেষ দিনের ফিল্ডিং অনুশীলন শেষে বোঝা যাবে আসলে তাদের অবস্থা কী।’
ইমরুল-মুমিনুল বাংলা ট্রিবিউনকে জানালেন, ‘ব্যথা নেই। ব্যাটিং করতে কোনও সমস্যা হয়নি। খুব সাবলীলভাবেই ব্যাটিং করতে পেরেছি।’
নিউজিল্যান্ডে বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতায় ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল নিজেই হতাশ। তিনি বলেছেন, ‘পুরো টুর্নামেন্টে ১৬-১৭টি ক্যাচ ফেলে দেওয়া খুবই হতাশাজনক। আমার ছেলেদের কাছ থেকে আমি কখনোই এটা আশা করিনি। গত দুই বছর ধরে ছেলেরা ফিল্ডিংয়ে ভালো উন্নতি করেছিল।’
তিনি আরও যোগ করেন, ‘এইদিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে। ছেলেদের নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করব। তাদের ভুলগুলো কোথায় সেগুলো বের করার চেষ্টা করব।’
এদিকে বুধবার শেষবারের মতো অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে বিমানে চাপবে। তার আগে মঙ্গলবার প্রথমদিনের মতো অনুশীলন করে কাটিয়েছেন মুশফিকরা। যদিও অনুশীলন পর্বটা ছিল ঐচ্ছিক। তারপরও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার এবং জুনিয়র ক্রিকেটার প্রথম দিনের অনুশীলনে ছিলেন।
সকালে তামিম বোলিং মেশিনে ব্যাটিং করলেও মাহমুদউল্লাহ-মুশফিকসহ আরও কয়েকজন খেলোয়াড় বিকালে নেটে ও বোলিং মেশিনে অনুশীলন করেছেন।
ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল সাব্বির-সৌম্যকে নিয়ে বেশ খানিকক্ষণ সময় ব্যস্ত ছিলেন। বিভিন্নভাবে ফিল্ডিংয়ের কলা-কৌশল বুঝিয়ে দিচ্ছিলেন। মন দিয়ে তার কথাগুলো শুনছিলেন তরুণ এই দুই ক্রিকেটার।
বুধবারও ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন রয়েছে। রুবেল-রাব্বি-তাসকিন-সাকিব বিমানে চাপার আগে মিরপুরে শেষবারের মতো অনুশীলন করে নেবেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলের সঙ্গে থাকবেন। আজ রাতেই তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
এদিকে বুধবার ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের দল ঘোষণা হতে পারে। আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভেন্যু হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম।
এর আগে ৫ ফেব্রুয়ারি স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী মারুফ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানবীর হায়দার, আবদুল মজিদ, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, লিটন কুমার দাস, নাসির হোসেন ও শফিউল ইসলাম।
/আরআই/এফএইচএম/








