ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বৃহস্পতিবার সকালে দেশ ছাড়বে বাংলাদেশ। সর্বশেষ টেস্ট থেকে স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হয়নি। যে দল পেয়েছেন অধিনায়ক মুশফিক, তাতে তিনি খুশি।
ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটি ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে। ওই ম্যাচের জন্য ঘোষিত দলে ফিরেছেন ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে না পারা মুমিনুল হক, মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। এছাড়া রুবেল হোসেনের বদলে শফিউল ইসলাম এবং নুরুল হাসানের জায়গায় সুযোগ পেয়েছেন লিটন দাস।
বুধবার দুপুরে ভারতের বিপক্ষে দল ঘোষণার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন টেস্ট অধিনায়ক মুশফিক। সেখানেই দল নিয়ে সন্তুষ্টির কথা ঝরল তার কণ্ঠে, ‘আমার তো মনে হয়, এখন যে ক’জন খেলোয়াড় আছে, সব কিছু বিবেচনা করে যারা ফর্মে আছে তাদেরকেই দলে নেওয়া হয়েছে। এটাই বাংলাদেশের এখনকার সেরা স্কোয়াড।’
দল নির্বাচন নিয়ে সব সময়ই কিছু প্রশ্ন থাকে। অধিনায়ক-কোচের মতামতকে প্রাধান্য দিয়েই মূলত দল নির্বাচন করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি বলে জানালেন মুশফিক, ‘এটা তো সব সময়ই হয়ে থাকে। কোচের সঙ্গে কথা হয়েছে। নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। খুব বেশি বিতর্ক করার কিছু থাকে না। এটা অবশ্য এখানে বলা ঠিক না, তবে এতটুকু বলতে পারি যে, এটা আমাদের সবার সম্মতিতে হয়ে থাকে। রেজাল্টের ওপর স্কোয়াড নির্ভর করে না। এটাই আমার মনে হয় সেরা স্কোয়াড। সবার উচিত এই স্কোয়াডকে শুভেচ্ছা জানানো।’
/আরআই/কেআর/








