দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছেছে শিরোপাধারী ইউল্যাব ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। বৃহস্পতিবার ইউল্যাবের মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট মাঠে অনুষ্ঠিত সুপার এইট পর্বের খেলায় ইস্টার্ন ইউনিভার্সিটিকে ইউল্যাব ও ইউনাইটেড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে হারিয়ে শেষ চারে নাম লেখায় স্ট্যামফোর্ড।
দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করেত নেমে স্ট্যামফোর্ড ১৯.৫ ওভারে ১২২ রানে অলআউট হয়। লিটনের ১৩ বলে ৩১ রান ছিল তাদের দলের পক্ষে সর্বাধিক সংগ্রহ।
ইউনাইটেড ইউনিভার্সিটির আনসারি চার ওভারে ১৯ রান দিয়ে ৪টি ইউকেট নেন। ইউনাইটেড ইউনিভার্সিটি জয়ের কাছাকাছি এসেছিল তবে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১০৯ রান করে থেমে যায়। ১৩ রানের জয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি পৌঁছে যায় সেমিতে। বল হাতে ২ ওভারে ১০ রান দিয়ে দুটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির লিটন।
দিনের দ্বিতীয় ম্যাচে ইস্টার্ন ইউনিভার্সিটিকে ৬৬ রানে হারিয়ে দেয় ইউল্যাব । টসে জিতে ব্যাট করা ইউল্যাব ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে দাঁড় করায় ১৭৮ রানের বড় সংগ্রহ। ইউল্যাবের অভিক দুটি ৬ ও ১১ টি বাউন্ডারির মারে ৫৪ বলে অপরাজিত ৮৬ ও জেসি ৪৮ বলে ৭০ রান করেন।
জবাবে ইস্টার্ন ইউনিভার্সিটি ১৮.৫ ওভারে ১২২ রানে অলআউট হয়। জেসি বল হাতে ৩.১ ওভারে ২১ রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন। ইস্টার্ন ইউনিভার্সিটির রিফাত ছিলেন তার দলের সর্বাধিক রান সংগ্রহকারী। ৪৭ বলে ৫৯ রান করেন তিনি।
/আরএম/এফআইআর/








