অভিষেকেই আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন সূর্য হয়ে ফোটা এই স্পিনার এবার গেলেন ভারত মিশনে। সেখানে নিজের বোলিং দক্ষতায় যোগ করতে চান নতুন শক্তি। যে শক্তির জন্য তিনি পরামর্শ নিতে চান ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজটা খুব মনোযোগ দিয়ে দেখেছেন অশ্বিন। এমনকি ওই সিরিজ নিয়ে টুইটারে সক্রিয়ও ছিলেন ভারতীয় স্পিনার। অভিষিক্ত মিরাজের প্রশংসাও ঝরেছিল অশ্বিনের মুখে। এবার এই স্পিনারের কাছ থেকেই বোলিং পরামর্শ নিতে চান মিরাজ। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে নিজের পারফরম্যান্স ভালো করার সঙ্গে মিরাজের আরেকটি লক্ষ্য হলো অশ্বিনের কাছ থেকে কিছু হলেও পরামর্শ নেওয়া। হায়দরাবাদে টেস্ট খেলতে ভারতে উড়ে যাওয়ার আগে জানিয়ে গেছেন তেমনটাই, ‘অশ্বিন বিশ্বমানের খেলোয়াড়। আমার লক্ষ্য থাকবে খেলা শেষে তার কাছ থেকে বোলিং বিষয়ে কিছু পরামর্শ নেওয়ার। অবশ্য ও খেললে মাঠে খুব কাছ থেকেই সুযোগ হবে তার বোলিং দেখা। এই অভিজ্ঞতাটাও আমার কাজে লাগবে।’
ভারতে মোটেও সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ জিতে বিরাট কোহলির দল নামতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটা তাই কঠিন হবে বাংলাদেশের জন্য। বিষয়টি খুব ভালো করে জানেন মিরাজও। যদিও নিজেদের ওপর বিশ্বাস আছে তার। মিরাজের বিশ্বাস স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন হায়দরাবাদের উইকেটে, ‘আমার মনে হয় ভারতে (হায়দরাবাদ) স্পিনাররা বেশি সুবিধা পাবে। আমাদের দলে ভালোমানের স্পিনার আছে। সাকিব ভাই আছেন, তাইজুল ভাই আছেন, আমিও ভালো করছি।’ তাই ভারতের বিশ্বমানের ব্যাটসম্যান থাকলেও নিজেদের ওপর বিশ্বাস আছে তার, ‘ওদের দলে আছে বিশ্বমানের ব্যাটসম্যানরা, তবে আমরা যদি ঠিক জায়গায় বল ফেলতে পারি তাহলে ভালো কিছু সম্ভব।’
/কেআর/








