টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। একই সঙ্গে আফগানিস্তান ও আয়ারল্যান্ড পেতে পারে টেস্ট মর্যাদাও।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কমিটি (সিইসি) সভায় একটি দুই বছরের টেস্ট লিগ, ১৩ দলের ওয়ানডে লিগ ও বিশ্ব টি-টোয়েন্টির জন্য আঞ্চলিক বাছাইপর্বের প্রস্তাব করা হয়েছে।
যদি আইসিসির বোর্ডগুলো তাদের প্রস্তাবে অনুমোদন দেয় তাহলে ২০১৯ সাল থেকে শুরু হতে পারে ৯-৩ ফরম্যাটের দুই বছরের টেস্ট লিগ। এ প্রস্তাব অনুযায়ী শীর্ষ নয়টি টেস্ট দল তাদের মধ্যে লড়বে এবং নিচের তিন র্যাংকিংয়ে থাকা দলগুলোকেও মোকাবিলা করবে। এ তিনটি দলের মধ্যে জিম্বাবুয়ের সঙ্গে থাকতে পারে আয়ারল্যান্ড ও আফগানিস্তান, অবশ্য এটা নির্ভর করছে তাদের টেস্ট মর্যাদা পাওয়ার উপর।
এছাড়া ২০১৯ সালের বিশ্বকাপে সহযোগী দেশগুলোকে সুযোগ করে দিতে ১৩ দলের ওয়ানডে লিগ আয়োজনের প্রস্তাব করেছেন তারা। বিশ্ব টি-টোয়েন্টির জন্য আঞ্চলিক একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতার কথাও বলা হয়েছে এ আলোচনা সভায়। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে ‘বিগ থ্রি’র শেষ দেখার সঙ্কেত পেয়ে গেছে, ‘এখন পর্যন্ত শক্ত একটা ইঙ্গিত মিলছে যে বিগ থ্রির (ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া) দিন সত্যিকারেই শেষ হতে যাচ্ছে। এখন সব সূচি আইসিসির মাধ্যমে নির্ধারণ হবে বলা চলে।’ সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/এফএইচএম/








