ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ফলোঅন এড়াতে ব্যাট করছে বাংলাদেশ। সকালে খেলতে নেমেই প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। হাফসেঞ্চুরিয়ান মিরাজের পর ফিরে গেছেন তাইজুল। যদিও একপ্রান্ত আগলে এখনও প্রতিরোধ দিয়ে খেলছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করেছেন মুশফিক।
উমেশ যাদবের বলে চার মেরেই সেঞ্চুরি পূরণ করেন টেস্ট অধিনায়ক। অবশ্য শুরুর দিকে সেঞ্চুরি পূরণ হয়েছে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন। বার বার স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছিলেন। নিশ্চিত হয়েই সেঞ্চুরি উদযাপন করেন মুশফিক।
এর আগে অবশ্য দুই উইকেট হারায় বাংলাদেশ। মিরাজের বিদায়ের পর ফেরেন তাইজুল। উমেশ যাদবের শর্ট বলে বসে পড়েছিলেন তাইজুল। কিন্তু বলটি গ্লাভসে লেগে জমা পড়ে উইকেটকিপারের হাতে। এর আগে ১০ রানে ব্যাট করছিলেন তিনি। বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৫৬ রান।
এরআগে হায়দরাবাদে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই উইকেট হারায় বাংলাদেশ। ভুবনেশ্বর কুমারের ওভারের চতুর্থ বলেই একেবারে পরাস্ত হয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৫১ রানে ব্যাট করতে থাকা মেহেদী হাসান। কুমারের লেট ইনসুইংয়ে পায়ের কাজটা ঠিকমতো করতে পারেননি। ফলে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল আঘাত হানে স্টাম্পে।
এরফলে ভেঙে যায় সপ্তম উইকেটে গড়া গুরুত্বপূর্ণ দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ রানের জুটি। অবশ্য পঞ্চম বলেই লেগ বিফোরের আবেদন করে বসে ভারত। রিভিউ নেয় তাতে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত আম্পায়ারের নট আউট সিদ্ধান্তই টিকে থাকে। বাংলাদেশ এখনও পিছিয়ে ৩৩১ রানে।
/এফআইআর/








