ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ। হায়দরাবাদের একমাত্র টেস্টটি হারলেও এই ম্যাচ থেকে অনেক প্রাপ্তি যোগ হয়েছে বলে মনে করছেন মেহেদী হাসান মিরাজ। দল তো বটেই, ব্যক্তিগত পারফরম্যান্সেও সন্তুষ্ট এই অলরাউন্ডার।
ভারত সফরের পারফরম্যান্সে নিয়ে মিরাজের বক্তব্য, ‘আমার মনে হয় আমাদের জন্য খুব ভালো একটা সফর ছিল। আমরা কখনও ভারতের মাটিতে খেলিনি, তাই দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। অনেক কিছু শিখেছি, যা ভবিষ্যতে কাজে দেবে।’
বাংলাদেশ ছাড়ার আগেই বলে গিয়েছিলেন সময় পেলে অবশ্যই বোলিং বিষয়ে পরামর্শ নেবেন তিনি রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে। ভারতীয় এই স্পিনারের কাছ থেকে পরামর্শ পেয়েছেনও মিরাজ। কি বলেছেন অশ্বিন? শুনুন এই অলরাউন্ডারের মুখেই, ‘অশ্বিন আমাকে বলেছে, বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ধৈর্য্য ধরে খেলতে হয়। আমাকে কিছু টিপস দিয়েছে। ও কিভাবে বল করে, কিভাবে পরিস্থিতির মোকাবিলা করে, এই সব।’
নিউজিল্যান্ড সিরিজের পর ভারত সফরেও বাজে ফিল্ডিং করেছে বাংলাদেশ। ক্যাচ মিসের সঙ্গে মিস করেছে রান আউটের সুযোগ। মিরাজ যদিও এগুলোকে ‘খেলার অংশ’ হিসেবেই দেখছেন, ‘ক্যাচ মিস ক্রিকেটের অংশ। এটা কেউ ইচ্ছে করে করে না। তারপরও আমার মনে হয়, সব মিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আশা করছি, ভবিষ্যতে আরও ভালো খেলব।’
টেস্ট ক্রিকেটে সুযোগ পাওয়ার পর পরই আলো ছড়িয়েছেন মিরাজ বল হাতে। কিন্তু ব্যাট হাতে একেবারেই ছিলেন ব্যর্থ। ভারত সফরে নিজের ছায়া থেকে বেরোনো এই ক্রিকেটার বললেন, ‘ভারতের মাটিতে দুই ইনিংসে আমার মনে হয়েছে আমি আগের মতো ছন্দ পেয়েছি। আশা করছি এটাই আমার শুরু। বুঝতে পেরেছি আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে খেলতে হবে, কিভাবে ব্যাট করতে হবে।’ সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া সহায়তার কথাও বাদ দিলেন না কথার পরের অংশে, ‘সিনিয়র ক্রিকেটার যারা ছিলেন, বিশেষকরে মুশফিক ভাই খুব সাহায্য করেছেন। তাদের সাহায্যেই ভালো একটা ইনিংস খেলতে পেরেছি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি নিজেকে পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে।’
/কেআর/








