আসল লড়াই শুরু হতে বাকি চার দিন। তার আগে নিজেদের খানিকটা ঝালিয়ে নিতে বৃহস্পতিবার থেকে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে শুরুটা বেশ ভালোই করেছে সফরকারীরা।
কলম্বোর মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয় ম্যাচটি। এই ম্যাচকে টাইগাররা শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ দেখছে। কিন্তু শুরুতেই হোঁচট খায় তারা ওপেনার সৌম্য সরকারকে মাত্র ৯ রানে হারিয়ে। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর আর কোনও সমস্যার মুখোমুখি হতে হয়নি সফরকারীদের। রিটায়ার্ড আউট হওয়ার আগে আরেক ওপেনার তামিম ইকবালের সঙ্গে ১৪৩ রানের জুটি গড়েন মুমিনুল হক। ১০৩ বলে সাজানো তার ৭৩ রানের ইনিংসটি। তার সঙ্গে হাফসেঞ্চুরি করেন তামিম, সেটাকে সেঞ্চুরি বানান এক ওভারে তিনটি ছয় ও একটি চার মেরে। ১৪৪ বলে পাঁচ ছয় ও সাত চারে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। ৯ চার ও ৭ ছয়ে ১৩৬ রানে রিটায়ার্ড আউট হন তামিম। প্রথম দিন দ্বিতীয় সেশনে ৭০ ওভার খেলে ৫ উইকেটে ৩০২ রান করেছে বাংলাদেশ।
লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশে বিমানে চড়ে গত সোমবার। যাওয়ার আগে মিরপুরে তিন দিন অনুশীলন করে গেছে মুশফিকরা। বুধবার শ্রীলঙ্কাতে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠে নামা হয়নি টেস্ট দলের সদস্যদের। অনুশীলনের সেই ঘাটতি নিয়েই প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে মুশফিকরা।
এই সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ৭ মার্চ শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। ১৫ মার্চ মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। কলম্বোতে অনুষ্ঠিত এই টেস্টটি আবার বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ।
২৫ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। বাকিগুলো ২৮ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর ৪ এপ্রিল থেকে শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৬ এপ্রিল শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরবেন মাশরাফি-মুশফিকরা।
বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, লিটন দাস, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/








