নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা র্যাংকিংয়ের শীর্ষে থেকে, শেষটাও করল তারা এক নম্বরে থেকে। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে প্রোটিয়ারা ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে।
পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় থাকায় অকল্যান্ডের পঞ্চম ওয়ানডে হয়ে দাঁড়ায় অঘোষিত ‘ফাইনাল’। সিরিজ নির্ধারণী সেই ম্যাচে নিউজিল্যান্ডকে বোতলবন্দি করে ফেলে দক্ষিণ আফ্রিকা তাদের দুর্দান্ত বোলিংয়ে। কাগিসো রাবাদা-ইমরান তাহিরদের দাপটে ৪১.১ ওভারে কিউইরা গুটিয়ে যায় মাত্র ১৪৯ রানে। সহজ সেই লক্ষ্য ১০৬ বল আগে ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
বল কিংবা উইকেটের হিসাবে অবশ্য বোঝা যাবে না ম্যাচের শুরুর দিকের অবস্থা। অল্প পুঁজি নিয়েও যে সফরকারীদের শুরুতে ভয় পাইয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। ৪৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে খেলা জমিয়ে দেওয়ার ইঙ্গিত দিলেও ফাফ দু প্লেসিস ও ডেভিড মিলারের চমৎকার ব্যাটিংয়ে কোনও বিপদ ছাড়াই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। দু প্লেসিস হাফসেঞ্চুরি পূরণ করে খেলেন হার না মানা ৫১ রানের ইনিংস। আর মিলার ৩৫ বলে অপরাজিত ছিলেন ৪৫ রানে।
শুরুর দৃশ্যটা ছিল অন্য। স্কোরবোর্ডে ৬ রান তুললেই সফরকারীরা হারায় কুইন্টন ডি ককের উইকেট। সামিত প্যাটেলের বলে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আউট হন ৬ রান করে। খানিক পর হাশিম আমলাও ফেরেন ৮ রান করে। শুরুর ওই ধাক্কা কাটিয়ে উঠার আগেই আবার প্যাভিলিয়নের পথ ধরেন জেপি দুমিনি (৩)। দু প্লেসিসকে সঙ্গে করে পরিস্থিতি স্বাভবিক জায়গায় নিয়ে এসেছিলেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তিনিও টিকতে পারেননি বেশিক্ষণ, ২১ বলে ২৩ রান করে আউট হায়ে যান জেমস নিশামের বলে। এর পর দু প্লেসিস-মিলারের ব্যাটে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
এর আগে প্রোটিয়াদের বোলিং তোপে ১৪৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। রান অত দূরও যেত না, যদি শেষ দিকে কলিন ডি গ্র্যান্ডহোম ৩২ রানের কার্যকরী ইনিংসটা না খেলতেন। কিউইদের ব্যক্তিগত সর্বোচ্চ রান এটাই। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন তিনজন-ডিন ব্রাউনলি, জেমস নিশাম ও মিচেল স্যান্টনার। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি ছয় ব্যাটসম্যান! তাদের ব্যাটিং লাইন গুড়িয়ে দেওয়ার পথে রাবাদা ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিলেন ইমরান তাহির, এই স্পিনারের বোলিং ফিগারটা এমন-১০-০-১৪-২। যদিও ম্যাচসেরার পুরস্কারটা গিয়েছে রাবাদার হাতেই। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ৪১.১ ওভারে ১৪৯ (গ্র্যান্ডহোম ৩২, ব্রাউনলি ২৪, নিশাম ২৪; রাবাদা ৩/২৫, তাহির ২/১৪)।
দক্ষিণ আফ্রিকা : ৩২.২ ওভারে ১৫০/৪ (দু প্লেসিস ৫১*, মিলার ৪৫*, ডি ভিলিয়ার্স ২৩; প্যাটেল ২/২৬)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।
সিরিজ : ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকা ৩-২ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা : কাগিসো রাবাদা।
/কেআর/







