নিরাপত্তা শঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে লাহোরে পিএসএল ফাইনাল সফলভাবে আয়োজনের পর বেশ নজর কেড়েছে পাকিস্তান। আইসিসিও তাদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখিয়েছে। এ বছর লাহোরের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিশ্ব একাদশ পাঠানোর উদ্যোগ নিচ্ছে ক্রিকেটের শীর্ষ সংস্থা।
পিএসএল সফল হওয়ার একদিন পরই ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এ খবর জানায়। সংবাদপত্রটির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে শীর্ষমানের ক্রিকেটকে নতুন করে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছে আইসিসি। এজন্য চার ম্যাচের সিরিজটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে গাদ্দাফি স্টেডিয়াম। তবে বিশ্ব একাদশে কারা খেলবে সেটা এখনও ঠিক করা হয়নি।
আইসিসি পাকিস্তানের টাস্ক ফোর্সের প্রধান জাইলস ক্লার্ক মনে করেন, পিএসএল ফাইনাল প্রমাণ করেছে যে লাহোরে ক্রিকেট খেলা যেতে পারে। গার্ডিয়ানকে তিনি বলেন, ‘পাকিস্তানি সমর্থকরা দীর্ঘদিন ধরে বিশ্বের বড় বড় খেলোয়াড়দের খেলা সরাসরি দেখতে পায় না। তাদের এ হাহাকারটা আমরা কাটানোর সুযোগ দিতে চাই।’
পাকিস্তানকে সহায়তায় বিশ্ব ক্রিকেটকে এগিয়ে আসতে হবে মত দেন জাইলস। তার বিশ্বাস জঙ্গীবাদের বিরুদ্ধে জয় হবে ক্রিকেটেরই, ‘পরিচিত মাঠে অনেক বেশি খেলতে চায় জাতীয় দলগুলো। অথচ পাকিস্তান তাদের হোম ম্যাচ খেলছে বিদেশের মাটিতে। শেষ কথা হলো সন্ত্রাসবাদ কখনও জিততে পারে না, আর পাকিস্তানে ক্রিকেট আয়োজনে হাল ছাড়া একেবারে উচিত নয়।’
আইসিসির পাঠানো দলটির সিরিজ খেলার সম্ভাব্য তারিখ ২২, ২৩, ২৮ ও ২৯ সেপ্টেম্বর। সূত্র- দ্য নিউজ
/এফএইচএম/








