ডানেডিনে বড় এক ইনিংসের আভাসই দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের ব্যাটে দেড়শতাধিক রানের সম্ভাবনাও ছিল। কিন্তু তৃতীয় দিন বেশিদূর এগোতে পারল না প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের পেস ও স্পিনে ৩০৮ রানেই শেষ হলো সফরকারীদের প্রথম ইনিংস।
জবাব দিতে নেমে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। জিত রাভাল ও কেন উইলিয়ামসনের ফিফটিতে তারা দিন শেষ করেছে ৩ উইকেটে ১৭৭ রানে। স্বাগতিকরা এখনও পিছিয়ে ১৩১ রানে।
১২৮ রানে এলগার ও তেম্বা বাভুমা ৩৮ রানে বৃহস্পতিবার খেলা শুরু করেন। আগের দিন দুই উইকেট পাওয়া নেইল ওয়াগনার ভাঙেন এ জুটি। ২৯৯ বলে ২৪ চারে ১৪০ রানে বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে ধরা পড়েন এলগার।
এর পর আর কোনও ব্যাটসম্যান উইকেটে প্রতিরোধ গড়তে পারেননি। ট্রেন্ট বোল্টের পেস ও জিতান প্যাটেলের স্পিনে ক্রিজে দাঁড়াতে পারেননি সফরকারীরা। বাভুমা যদিও ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন, কিন্তু ৬৪ রানে তাকে ফিরতে হয়।
প্রথম দিন এক উইকেট পাওয়া বোল্ট আরও তিনটি উইকেট ঝুলিতে ভরেন। প্যাটেল নেন দুটি উইকেট। ওয়াগনার সব মিলিয়ে ৩ উইকেট দখল করেছেন।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে টম ল্যাথামকে (১০) হারায়। পরে জিত রাভাল ও উইলিয়ামসনের ১১৫ রানের জুটি স্বাগতিকদের স্বস্তিতে রাখে। ব্যক্তিগত ৫২ রানে কেশব মহারাজের শিকার হন রাভাল।
রস টেলর ক্রিজে নেমে ইনজুরিতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন মাত্র ২০ বলে ৮ রান করে। মহারাজের দ্বিতীয় শিকার হয়ে অধিনায়ককে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন হেনরি নিকলস (১২)। তবে উইলিয়ামসন ৭৮ রানে অপরাজিত থেকে প্রোটিয়াদের পেছনে ফেলার ইঙ্গিত দিচ্ছেন। অপর প্রান্তে তার সঙ্গে খেলছেন প্যাটেল (৯*)।
/এফএইচএম/








