স্টিভেন স্মিথকে আউটই করতে পারল না ভারত! অস্ট্রেলিয়ান অধিনায়ক খেললেন হার না মানা ১৭৮ রানের ইনিংস। তার সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে রাঁচি টেস্টে সফরকারীরা প্রথম ইনিংসে করেছে ৪৫১ রান। ব্যাট হাতে জবাবটা ভালোই দিচ্ছে ভারত।
স্বাগতিকদের দুই ওপেনার লোকেশ রাহুল-মুরালি বিজয় মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯১ রান। ৬৭ রান করে লোকেশ ফিরে গেলেও বিজয় অপরাজিত আছেন ৪২ রান নিয়ে। দ্বিতীয় দিন শেষে ভারত ১ উইকেট হারিয়ে স্কোরে জমা করেছে ১২০ রান।
১১৭ রান নিয়ে দিন শুরু করেছিলেন স্মিথ। তার সঙ্গে ক্রিজের অন্যপ্রান্তে ছিলেন ম্যক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান ৮২ রান নিয়ে দিন শুরু করে পূরণ করেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। আগের তিন টেস্টে ম্যাক্সওয়েলের সর্বোচ্চ রান ছিল ৩৭, সেটা প্রথম দিনই টপকে গিয়ে শুক্রবার পেয়ে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখাও। রবীন্দ্র জাদেজার বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার গ্ল্যাভসে ধরা পড়ার আগে ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান খেলেন ১০৪ রানের কার্যকরী ইনিংস। ১৮৫ বলের ইনিংসটা তিনি সাজিয়েছেন ৯ চার ও ২ ছক্কায়।
পঞ্চম উইকেট জুটিতে ম্যাক্সওয়েল অধিনায়ক স্মিথের সঙ্গে যোগ করেন ১৯৫ রান। তিনি ফিরে গেলেও অপরাজিত থেকেই প্রথম ইনিংস শেষ করেন স্মিথ। শেষ দিকের ব্যাটসম্যানরা সঙ্গ দিলে হয়তো পেয়ে যেতে পারতেন ডাবল সেঞ্চুরিও। ৩৬১ বলে ১৭ বাউন্ডারিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক খেলেছেন ঝলমলে ১৭৮ রানের ইনিংস, যা ভারতের মাটিতে কোনও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ ২১০ রান করেছিলেন ডিন জোন্স, আর দ্বিতীয় সর্বোচ্চ ২০১ রানের ইনিংসটা ম্যাথু হেইডেনের। ম্যাক্সওয়ের আউটের পর স্মিথকে খানিকটা সময় সঙ্গ দিয়েছিলেন ম্যাথু ওয়েড। যাদিও জাদেজার বলে তিনি আউট হয়ে যান ৩৭ রান করে। ভারতীয় এই স্পিনার ১২৪ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট।
অস্ট্রেলিয়া ৪৫১ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন লোকেশ-বিজয়। উদ্বোধনী জুটিতে ৯১ রান যোগ করে প্যাট কামিন্সের বলে উইকেটরক্ষক ওয়েডের গ্ল্যাভসে ধরা পড়েন লোকেশ। যাওয়ার আগে অবশ্য হাফসেঞ্চুরি পূরণ করেন খেলেন ৬৭ রানের ইনিংস। বিজয় অপরাজিত আছেন ৪২ রানে, তৃতীয় দিন তিনি শুরু করবেন ১০ রানে অপরাজিত থাকা চেতশ্বর পূজারার সঙ্গে। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর :
(দ্বিতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস ১৩৭.৩ ওভারে ৪৫১ (স্মিথ ১৭৮*, ম্যাক্সওয়েল ১০৪, রেনশ ৪৪, ওয়েড ২৭; জাদেজা ৫/১২৪, উমেশ ৩/১০৬)।
ভারত : প্রথম ইনিংস ৪০ ওভারে ১২০/১ (লোকেশ ৬৭, বিজয় ৪২*, পূজারা ১০*; কামিন্স ১/২২)।
/কেআর/








