মুস্তাফিজুর রহমান সম্পর্কে খুব ভালো জানে শ্রীলঙ্কা। সে কারণেই এই ‘কাটার’ জাদুকরের বিপক্ষে খেলার জন্য পরিকল্পনা করেছিল স্বাগতিকরা। কিন্তু কিছুতেই কোনও কাজ আসেনি লঙ্কানদের।
চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে দিমুথ করুণারত্নের মুখে সে জন্য শুধু হতাশাই ঝরল। মুস্তাফিককে নিয়ে সব পরিকল্পনা ভেস্তে যাওয়ায় শ্রীলঙ্কাও যে ম্যাচ থেকে ছিটকে গেছে প্রায়। বাংলাদেশি এই পেসার স্বাগতিকদের মিডল অর্ডাসে ধস নামিয়ে ম্যাচ নিয়ে গেছেন টাইগারদের দিকে। অথচ তাকে নিয়েই শ্রীলঙ্কার ছিল যত ভাবনা। মুস্তাফিককে নিয়ে করুণারত্নে বলেছেন, ‘মুস্তাফিজ আমাদের কাছ থেকে ম্যাচ ছোঁ মেরে নিয়ে গেছে। ওর রিভার্স সুইং ছিল অসাধারণ। ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে রাউন্ড দ্য উইকেটে যে অ্যাঙ্গেলে বল করেছে, সেটা ব্যাটসম্যানদের কাজ করে তুলেছিল কঠিন।’
বিষয়গুলো আগে থেকে জানা ছিল বলেই শ্রীলঙ্কা পরিকল্পনা করেছিল তাকে নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেটা বাস্তবায়ন করতে না পারার হতাশা ঝরল করুণারত্নের মুখে, ‘আমরা জানতাম ও (মুস্তাফিজ) কি করতে পারে। এই কারণেই আমরা পরিকল্পনা করেছিলাম যে সব বল ভেতরে ঢুকবে, সেটা খেলব; আর যেটা বাইরে দিয়ে যাবে, সেটা ছেড়ে দেব। ও একটা স্পেলে এসে সর্বোচ্চ পাঁচ ওভার বল করবে এবং ওই সময়টা আমরা পরিকল্পনা অনুযায়ী খেলব। কিন্তু সেটার বাস্তবায়নটা ঠিকঠাক করতে পারিনি আমরা।’
দ্বিতীয় ইনিংস শ্রীলঙ্কা লিড নিয়েছে ১৩৯ রানের। হাতে থাকা ২ উইকেট নিয়ে কতদূর যেতে পারবে, সেটাই এখন দেখার। যদিও চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচ যে বাংলাদেশের নিয়ন্ত্রণে, সেটা বলার অপেক্ষা রাখে না। করুণারত্নে কিন্তু এখনও দুই দলেরই জয়ের সম্ভাবনা দেখছেন, ‘আমাদের লিডটা ১৪০ রানের কাছাকাছি। যদি আমরা ২০০ রানের কাছাকাছি যেতে পারি, সঙ্গে দ্রুত উইকেট তুলে নিতে পারি, তাহলে খুব ভালো হবে। ২০০ প্লাস স্কোর খুবই ভালো।’
/কেআর/








