এভিন লুইসের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজে এখনও টিকে রইলো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। লুইস ৫১ বলে খেলেন ৯১ রানের ঝড়ো ইনিংস।
সফরকারীদের ১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ ছয় ও ৫ চারের ঝড়ো ইনিংস খেলেন এভিন লুইস। যদিও দলীয় ২ রানেই প্রথম উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল ক্যারিবীয়রা। কিন্তু ওপেনিংয়ে নামা লুইস একাই দলকে জয়ের ভিত্তি দেন ধীরে ধীরে। বিদায় নেন ৯১ রানে। শেষ দিকে ১৪.৫ ওভারে দলকে জয় পাই দিয়ে মাঠ ছাড়েন জেসন মোহাম্মদ (১৮) ও লেন্ডল সিমন্স (১৭)।
এরআগে টস জিতে ব্যাট করেছিল পাকিস্তান। ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানের পুঁজি পায় সফরকারীরা। শুরু থেকে স্বাগতিকদের বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৪ রানেই হারায় দুই উইকেট। এরপর অবশ্য কামরান আকমল দলকে স্থিরতা পাইয়ে দিতে সহায়তা করেন। দলীয় ৯২ রানে বিদায় নেওয়ার আগে করেন ৪৮ রান। বাবর আজমও সঙ্গী ছিলেন। বিদায় নেওয়ার আগে করেন ৪৩ রান। এরপর ফাখার জামানের ২১ রানের ইনিংস ছাড়া আর কেউই উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি।
ম্যাচসেরা হন ঝড়ো ইনিংস খেলা লুইস। এই জয়ে ৪ ম্যাচের সিরিজে ব্যবধান দাঁড়াল ২-১।
/এফআইআর/








