নিরাপত্তার অজুহাত দেখিয়ে ২০১৫ সালে বাংলাদেশ সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর থেকেই তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল, এ বছরের শেষ দিকেই শর্ত সাপেক্ষে সফর করতে রাজি তারা। কিন্তু সেখানেও জল ঘোলা হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এফটিপি অনুযায়ী টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও তার বদলে ওয়ানডে সিরিজ খেলতে বিসিবির সঙ্গে আলোচনা করছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড!
শুধু খেলার ফরম্যাট নিয়েই নয়, সূচি নিয়েও ঝামেলায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ অক্টোবরে ভারত সফরে সীমিত ওভারের ফরম্যাটে খেলবে অসিরা। আর তাই প্রস্তুতি নিতে এর আগে বাংলাদেশ সফর করে সীমিত ওভারের সিরিজ খেলার কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
কিন্তু বাংলাদেশ প্রস্তাবিত আগের পরিকল্পনাতেই অটল থাকতে চাইছে। বিসিবির যুক্তি হিসেবে রয়েছে সাম্প্রতিক টেস্ট ফর্ম। তবে সূচি নিয়েও ভাবতে হচ্ছে বিসিবিকে। জুলাই-আগস্টে পাকিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে মুশফিক-সাকিবরা। এই অবস্থায় নতুন কোনও সূচি হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।
ঝামেলার এখানেই শেষ নয়। আগের মতো এবারও এরসঙ্গে নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। যদিও দুই বোর্ড এখনও সব কিছু নিয়ে আলোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কিছুদিন আপেক্ষাতেই থাকতে হবে!
উল্লেখ্য, নিরাপত্তার অজুহাতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর বাতিল করেছিল। পরে গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নেয়নি দেশটি। তবে এ ঘটনার পর বাংলাদেশ সফর করে গেছে ইংল্যান্ড। এমনকি ওই বছরেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দল।-ক্রিকইনফো।
/এফআইআর/








