শচীন টেন্ডুলকারকে কয়েকদিন আগে দেখা গেছে গায়কের ভূমিকায়। ভারতের ক্রিকেট-ঈশ্বরের গান গাওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে অগণিত ভক্ত। এবার ‘গায়ক’ শচীনকে প্রশংসায় ভাসালেন সৌরভ গাঙ্গুলী।
ভারতের হয়ে অনেক দুর্দান্ত জুটির জন্ম দিয়েছেন শচীন-সৌরভ। বিশেষ করে ওয়ানডেতে তাদের উদ্বোধনী জুটি বহু ম্যাচে জয়ের ভিত গড়ে দিয়েছে ‘টিম ইন্ডিয়া’র। ২২ গজের মতো মাইক্রোফোনের সামনেও যথেষ্ট সাবলীল শচীনের প্রতিভায় সৌরভ মুগ্ধ। ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের প্রশংসা করে ভারতের অন্যতম সেরা অধিনায়ক টুইটারে লিখেছেন, ‘সাবাশ শচীন টেন্ডুলকার, দুর্দান্ত প্রচেষ্টা। তোমার প্রতিভা শুধু ব্যাটিংয়ে সীমাবদ্ধ নয়।’
গত রবিবার রাতে ভারতের সনি টেলিভিশনের সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠান ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালেতে প্রচারিত হয়েছে টেন্ডুলকারের প্রথম গান ‘ক্রিকেট ওয়ালি বিট’। গানটিতে তার সঙ্গে ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সোনু নিগাম।
শুধু সৌরভ নন, সোনু নিগামও ‘গায়ক’ টেন্ডুলকারের প্রতিভায় বিস্মিত। তিনি বলেছেন, ‘তিনি খুবই ভালো গায়ক। তার কণ্ঠের জন্য আমরা পিচ কারেক্টর ব্যবহার করিনি। কারণ তিনি সঠিক সুরেই গান গেয়েছেন।’ সূত্র-ক্রিকেট কান্ট্রি
/এফএইচএম/এএআর/








