২০১৬ সালটা কাটিয়েছেন স্বপ্নের মতো। বিরাট কোহলির পারফরম্যান্স তাই উইজডেনের সম্পাদক লরেঞ্জ বুথের কাছে, ‘তার স্বপ্নের বছর’। ক্রিকেটের সব ফরম্যাটে অসাধারণ সময় কাটানো ভারতীয় এই অধিনায়ক হয়েছেন উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’।
২০০৩ সাল থেকে ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেন ম্যাগাজিন এক বর্ষপঞ্জিতে ক্রিকেটের সেরা পারফরমারকে দিয়ে আসছে ‘লিডিং ক্রিকেটার’-এর পুরস্কার। এবার যেটি পেলেন কোহলি। পারফরম্যান্সের দিক থেকে যে ভারতীয় অধিনায়ক সবাইকে ছাড়িয়ে, সেটা পরিসংখ্যানই বলছে। ২০১৬ সালে কোহলির টেস্ট গড় ৭৫, ওয়ানডেতে তা রেড়ে হয়েছে ৯২। ফরম্যাট যত ছোট হয়েছে কোহলির গড় ততই বেড়েছে, টি-টোয়েন্টিতে সে কারণেই গড়টা ১০৬!
ব্যাটিংয়ে আলো ছড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে কোহলি ভারতের জয় নিশ্চিত করেছেন টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন ফরম্যাটেই। ২০১৬-১৭ মৌসুমে ঘরের মাঠে মুম্বাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে কোহলি খেলেন ২৩৫ রানের অসাধারণ এক ইনিংস। শুধু ওই ইনিংস নয়, এমন আরও বেশ কয়েকটি চোখ জুড়ানো ইনিংস খেলেছেন ভারতীয় অধিনায়ক। যাতে উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ হওয়াটা আগেই নিশ্চিত করে দেয় একরকম। বুধবার আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে সামনের অ্যালমানাকের প্রচ্ছদও প্রকাশ করা হয়েছে, যেখানে টেস্ট জার্সি গায়ে রিভার্স সুইপ খেলছেন কোহলি।
তৃতীয় ভারতীয় হিসেবে ‘লিডিং ক্রিকেটার’ হলেন এই ব্যাটসম্যান। তার আগে বীরেন্দর শেবাগ দুইবার (২০০৮ ও ২০০৯) এবং শচীন টেন্ডুলকার (২০১০) পুরস্কারটি জিতেছিলেন একবার। মেয়েদের বিভাগে পুরস্কারটি জিতেছেন অস্ট্রেলিয়ার এলিসা পেরি।
অ্যালমানাকে আছেন আরও দুই এশিয়ান ক্রিকেটার। উইজডেন বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের যে মর্যাদার পুরস্কারটি দেয়, সেখানে জায়গা পেয়েছেন পাকিস্তানের মিসবাহ-উল-হক ও ইউনিস খান। বাকি তিনজন হলেন-ইংল্যান্ডের বেন ডাকেট, ক্রিস ওকস ও টোবি রোল্যান্ড-জোন্স। ক্রিকইনফো
/কেআর/








