বরাবরই বিনয়ী টেন্ডুলকারের তাতে বাধা দেওয়ার কথাও নয়। তবে হেলমেট ছাড়া বাইক চালানোর বিষয়টি মোটেও মেনে নিতে পারেননি। যুবকদের কাছ থেকে হেলমেট পরার অঙ্গীকার নিয়ে তারপর তোলেন সেলফি।
ক্রিকেট ছেড়ে দিলেও ভারতে শচীন টেন্ডুলকারের জনপ্রিয়তা কমেনি এতটুকুও। এখনও তাকে দেখতে ভিড় জমান পাগল ভক্তরা। সেই ‘ক্রিকেট-ঈশ্বর’কে সামনে পেয়ে একটা সেলফি না নিতে কী হয়! বাইক আরোহী দুই যুবকও সামনে পাওয়া সুবর্ণ সুযোগটা নিতে চাইলেন, বরাবরই বিনয়ী টেন্ডুলকারের তাতে বাধা দেওয়ার কথাও নয়। তবে হেলমেট ছাড়া বাইক চালানোর বিষয়টি মোটেও মেনে নিতে পারেননি। যুবকদের কাছ থেকে হেলমেট পরার অঙ্গীকার নিয়ে তারপর তোলেন সেলফি।
গাড়িতে কোথাও যাচ্ছিলেন টেন্ডুলকার। হঠাৎই বাইকে থাকা দুই যুবকের চোখে পড়ে ক্রিকেটের এই কিংবদন্তিকে। আবদার করলেন একটা সেলফির জন্য। টেন্ডুলকার তাদের বাধা না দিলেও হেলমেট পরার অঙ্গীকার করান। টেন্ডুলকার তার নিজের টুইটারে একটা ভিডিও শেয়ার করেছেন, যে ভিডিওতে ওই যুবকদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘এরপর থেকে রাস্তার বের হলে হেলমেট পরে বের হবে, কথা দাও।’ ক্রিকেটের মহান এই দূতের কথা না শুনে পারেন তারা, কথা দেয় যে এরপর থেকে রাস্তায় হেলমেট পরে বের হবেন।
শুধু ওই যুবকদের নয়, এরপর আরও এক ব্যক্তিকে হেলমেট ছাড়া দেখে তাকেও বলেন একই কথা। ওই ঘটনার পর টুইটারে সাবেক এই ব্যাটিং জিনিয়াস লিখেছেন, ‘হেলমেট মাথায় দাও!! রাস্তায় নিরাপত্তাকে প্রাধান্য দেওয়াটা প্রত্যেকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনুগ্রহকরে কেউ হেলমেট ছাড়া গাড়িতে উঠবেন না।’ এনডিটিভি
/কেআর/








