আইপিএলে এবারের আসরে স্পট লাইটের আলোয় ভালোভাবেই জায়গা করেছেন ক্রিস লিন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত ফর্মের উদাহরণ দিয়েছেন। আর সেই লিনকে নিয়েই দেখা দিচ্ছে শঙ্কা! কাঁধের চোটের কারণে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে এই চোট পেয়ে বসেন তিনি।
হয়তো ভাগ্যে অপয়া হয়েই রয়েছে তার এই কাঁধের চোট! কারণ গত দুই বছরে এই একই কাঁধে আঘাত পেয়েছেন তৃতীয়বার। এই ম্যাচের পরই ফিজিও তাকে নিয়ে কাজ করেছেন। বরফ পুঁটলি দিয়েছেন কাঁধে। ম্যাচের পর নিজেই চোট নিয়ে টুইট করেছেন এভাবে, ‘হে ক্রিকেট ঈশ্বর, আমি কি কিছু ভুল করেছি?’ বলা হচ্ছে আপাতত কিছুদিন বাইরেই থাকবেন কুইন্সল্যান্ডের হয়ে খেলা এই ব্যাটসম্যান।
তার এই চোট নিয়ে ভাবছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ দল ব্রিসবেন হিট। তারা লিনের চোটের সার্বিক অবস্থা জানতে যোগাযোগ রেখে চলেছে। তারা এটাও জানতে যায় এই চোটের অবস্থা কতটুকু জটিল।
প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছেন ক্রিস লিন। তার ঝড়ো ব্যাটেই রেকর্ডময় জয় পায় কলকাতা। অপরাজিত থাকেন ৯৩ রানে।
/এফআইআর/








