আইসিসির সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কে হবেন প্রতিনিধি? এ নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বিসিসিআই-এর রাজ্য সংস্থাগুলো। একপক্ষ বিতর্কিত শ্রীনিবাসনকে নিয়ে মাতছেন বেশ আগে থেকেই। এবার নতুন আরেকজনের নামটিও শোনা গেলো। শ্রীনি বিরোধী গ্রুপ অবশ্য নাম নিচ্ছে সাবেক ভারতীয় অধিনায়ক ও পশ্চিমবঙ্গের ক্রিকেট প্রধান সৌরভ গাঙ্গুলীর!
শ্রীনি পক্ষের লোকজনও গাঙ্গুলীর নাম শুনেছেন বলে দাবি করেছেন। বলতে গেলে, শ্রীনি বিরোধী সাবেক বিসিসিআই প্রধান অনুরাগ ঠাকুরই চাইছেন যাতে শ্রীনির নাম কোনওভাবেই মনোনয়ন করা না হয়। বিস্ময়ের বিষয় আরও আছে। এ নিয়ে দ্বৈত রূপই দেখাচ্ছেন অনুরাগ ঠাকুর! কয়েক মাস আগে যখন সুপ্রিম কোর্ট বিসিসিআইকে প্রতিনিধি নির্বাচনের বিষয়টি জানায়, তখন এই ঠাকুরই শ্রীনিবাসনের নাম প্রস্তাব করেছিলেন! কিন্তু সাম্প্রতিক পট পরিবর্তনে ভোল পাল্টে ফেলেন অনুরাগ ঠাকুর।
এ প্রসঙ্গে রাজ্য সংস্থার একজন জানিয়েছেন, ‘আমাদের গাঙ্গুলীর সঙ্গে কথা হয়েছে। শ্রীনিবাসনের জায়গায় তার নাম প্রস্তাব করার কথা ছিল। এখানে আরও অনেকেই বিষয়টিকে সম্মত দেওয়ার পক্ষে রয়েছেন। কিন্তু সব কিছু হওয়ার আগে এবারের সভা বাতিল করা হয়। আমার মনে হয় শ্রীনি ইস্যুতে সেই ২০১৩ সালের দিকে ফিরে যাওয়া ঠিক হবে না।’
জানা গেছে, তাতেও বসে থাকছেন না শ্রীনিবাসন। তিনি প্রত্যেক রাজ্য সংস্থার কাছে নিজের সমর্থন চাইতে আলাদা ভাবেই কথা বলছেন। যাতে করে আইসিসির আসন্ন সভায় বিসিসিআই-এর পক্ষ থেকে তাকে পাঠানো হয়। জানা গেছে, তামিল নাড়ু ক্রিকেট সংস্থার বিতর্কিত এই প্রধান আইসিসির পদে যেতে চান না, কিন্তু মোড়লগিরির বিষয়ে ভারতকে জেতাতে চান! – দ্য টাইমস অব ইন্ডিয়া।
/এফআইআর/








