অবশেষে খুঁজে পাওয়া গেল স্পিন হান্টের সেরা স্পিনারকে। গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ‘রবি খোঁজ দ্য নাম্বার ওয়ান স্পিনার’ ক্যাম্পেইন। প্রায় দুই মাসের প্রক্রিয়া শেষে প্রায় ১০ হাজার প্রতিযোগীর মধ্যে ‘নাম্বার ওয়ান’ স্পিনার হয়েছেন সিলেট বিভাগের গোলাপগঞ্জ উপজেলার নাঈম আহমেদ।
অবাক করা খবর হলো, ১৯ বছর বয়সী এই অফ স্পিনার এই ক্যাম্পেইন শুরুর আগে কখনও ক্রিকেট বল হাতেই নেননি!
সেরা ১০ বিজয়ীর মধ্যে লেগ স্পিনার পাঁচজন, বাঁহাতি স্পিনার তিনজন ও চায়নাম্যান স্পিনার দুইজন। মেয়েদের বিভাগে সেরা স্পিনার হয়েছেন সুলতানা খাতুন। সুলতানা এর আগে প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নিয়েছেন। ফিজিক্যাল চ্যালেঞ্জ বিভাগে সেরা হয়েছেন মোহাম্মদ নাসিম।
বিজয়ীদের একাডেমির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হবে বলে জানান বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
মিরপুরের বিসিবি একাডেমি মাঠে স্পিনার হান্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি’র কর্মকর্তা, বিসিবি পরিচালক ও টেকনিক্যাল টিমের সদস্যরা। বিজয়ীদের ক্রেস্ট, সনদ ও প্রাইজমানির ডামি চেক তুলে দেন অতিথিরা।
/আরআই/কেআর/








