ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম দিনে ব্যাট হাতে যেমন ব্যাটসম্যানরা রানের বৃষ্টি ঝরিয়েছেন, তেমনি বোলাররাও পেয়েছেন সাফল্য। তবে বোলিংয়ে প্রথম দিনে সবচেয়ে সফল আরাফাত সানি। তার দুর্দান্ত বোলিংয়েই দোলেশ্বর পেয়েছে বড় জয়।
বল হাতে জাদু দেখালেন তিনি। এই স্পিনারের ঘূর্ণিতে পারটেক্সকে ৭৮ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। দোলেশ্বরের ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করা ২৮৭ রানের জবাবে পারটেক্স ম্যাচ থেকে ছিটকে যায় হারের অনেক আগেই। নির্ধারিত ওভার শেষে তারা ৯ উইকেট হারিয়ে করতে পারে ২০৯ রান।
হেরেছে আসলে পারটেক্স সানির কাছেই। এই স্পিনার তুলে নেন ৫ উইকেট। ১০ ওভারে ৩ মেডেন ৩৩ রান খরচ করে পাওয়া তার শিকারেই ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় দোলেশ্বর। এর আগে আবদুল মজিদ (৭৭) ও মার্শাল আইয়ুবের (৬৩) হাফসেঞ্চুরিতে ২৮৭ রান যোগ করে দোলেশ্বর। জবাবে যশ পাল সিং (৭৪) ও সাজ্জাদুল হক (৪৩) ছাড়া পারটেক্সের আর কেউই করতে পারেননি কিছু। ম্যাচসেরা হয়েছেন ৫ উইকেট নেওয়া সানি।
/কেআর/








