আইসিসির আগের সভায় লভ্যাংশ ভাগাভাগির বিষয়টিতে আনা নতুন সংস্কারে সমর্থন দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড নড়ে চড়ে বসায় উল্টো সুরই শোনাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন!
বর্তমানে এ নিয়ে আলোচনা করতে ভারতে অবস্থান করছেন বিসিবি সভাপতি। দেখা করেছেন বিসিসিআই-এর প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাইয়ের সঙ্গে। সেখানেই পাপন জানিয়েছেন, ‘সবাই লভ্যাংশ ভাগাভাগির বিষয়টি সমাধান করতে মধ্যপন্থা খুঁজছে। আমরা কোনও সদস্য দেশের ক্ষতি চাই না। বিশেষ করে ভারত, যারা আমাদের সমর্থন করেছে। কারণ বিসিসিআই যদি এক্ষেত্রে দুর্বল হয়, তার মানে আমরাও দুর্বল হলাম।’
শুধু পাপনই নন, এ নিয়ে আলোচনা করতে সেখানে কথা বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ডেভিড পিভার, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের মুকুহলানি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রধান থিলাঙ্গা সুমাথি পালা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডেভ ক্যামেরন। সবাই এনিয়ে বিসিসিআই-এর সঙ্গে আলোচনা করেছেন।
শুরুতে পাপন এ নিয়ে ভিন্নসুরে কথা বললেও ভারতের লভ্যাংশ ভাগাভাগির বিষয়ে বর্তমানে কৌশলেই কথা বলছেন তিনি, ‘দেখুন আমরা লভ্যাংশ ভাগাভাগির বিষয়ে সবার সমবণ্টন চাই। তবে তার মানে এই নয় যে ভারতের অংশ আপনি কেড়ে নিবেন। আমরা এটা চাই না।’
ভারত অবস্থানকালে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গেও দেখা করেছেন পাপন। কারণ নতুন গঠনতন্ত্র সংক্রান্ত আইসিসির ৫ সদস্যের পরিচালনা কমিটির অন্যতম সদস্য বিসিবি সভাপতি। যার নেতৃত্বে রয়েছেন শশাঙ্ক মনোহর। আর এই মাসের শেষেই এ নিয়ে আলোচনায় বসবে আইসিসি। -ক্রিকইনফো।
/এফআইআর/








