২০১৬ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে আরও ভালো করার প্রত্যয় নিয়ে ভারতে উড়ে গেছেন বাংলাদেশি পেসার। প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে না পারলেও তার কার্যকরী বোলিং নিয়েও কোনও সন্দেহ নেই অজিত আগারকারের। ভারতের সাবেক এই পেসার মুস্তাফিজকে তুলনা করেছেন শ্রীলঙ্কান তারকা লাসিথ মালিঙ্গার সঙ্গে।
টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের মনে আতঙ্ক ছড়ান মালিঙ্গা। নিশ্চিত হারতে বসা ম্যাচ বোলিং জাদুতে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন লঙ্কান এই পেসার। সফল এই বোলারের মতোই টি-টোয়েন্টিতে নিজেকে চিনিয়েছেন মুস্তাফিজ। গত আসরে অসাধারণ বোলিং করে হায়দরাবাদকে শিরোপা জেতানো পেসারের প্রশংসা ঝরল আগারকারের কণ্ঠে, ‘আইপিএলের গত আসরে দারুণ বোলিং করেছে মুস্তাফিজ। লাসিথ মালিঙ্গার মতোই কার্যকরী বোলার ও। এবারের আইপিএলের জন্য সুনীল নারিন ও মুস্তাফিজ খুবই কার্যকরী।’
মুস্তাফিজ যোগ দেওয়াতে হায়দরাবাদ আরও শক্তিশালী হয়ে উঠেছে বলেও যোগ করেছেন আগারকার কথার পরের অংশে, ‘নতুন বলে যেমন মুস্তাফিজ দারুণ, তেমনি মাঝের ওভারগুলোতেও কার্যকরী; শেষদিকে তো আরও অসাধারণ। মুস্তাফিজ যোগ দেওয়াতে হায়দরাবাদ আরও শক্তিশালী দল হয়ে উঠেছে।’
যদিও এবারের আইপিএলের শুরুটা ভালো হয়নি গত আসরে ১৬ ম্যাচে ১৭ উইকেট পাওয়া মুস্তাফিজের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে রান খরচ করেছেন তিনি অনেক। পারফরম্যান্সের গ্রাফ নেমে যাওয়াতেই কিনা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শনিবারের ম্যাচে একাদশে জায়গা হয়নি ‘দ্য ফিজ’-এর! ক্রিকইনফো
/কেআর/








