সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসির প্রথম সন্তানের আকিকা হয়েছে শনিবার মিরপুরের এক রেস্তোরাঁয়। বাংলাদেশ নারী ক্রিকেট দলের বেশিরভাগ খেলোয়াড় ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক অধিনায়ক এসেছিলেন স্ত্রী-সন্তানকে নিয়ে। বিপিএলে ম্যাচ পাতানোর দায়ে নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়ে আশরাফুল মাঠে ফিরেছেন গত বছর। এ বছর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও খেলছেন তিনি।
অনেকদিন পর দেশে ফেরা মডেল-উপস্থাপিকা ঈশিকা খান ছিলেন অনুষ্ঠানে। বিয়ের পর গত বছরের মাঝামাঝি স্বামীর সঙ্গে লন্ডনে চলে যান তিনি। গত ১৩ এপ্রিল স্বামী-পুত্রকে দেশে ফিরেছেন ঈশিকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম, ধারাভাষ্যকার শামীম চৌধুরী, চৌধুরী জাফরউল্লাহ শরাফত প্রমুখ।
যাকে নিয়ে আয়োজন, সেই শেখ জুনাইয়না মানহা মায়ের কোল থেকে অতিথিদের কোলে ঘুরে বেড়িয়েছে। গত ২৬ জানুয়ারি সাথিরা জাকিরের কোলজুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান। আকিকা অনুষ্ঠানে এত অতিথিকে পেয়ে অভিভূত সাথিরা জাকির বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শনিবার আমার মেয়ের আকিকা করেছি। সবাই মিলে দারুণ সময় কাটিয়েছি। মোহাম্মদ আশরাফুল, ফাহিম স্যার, শামীম আশরাফ চৌধুরী সহ নারী ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
ছবি : সাজ্জাদ হোসেন
/আরআই/এএআর/








