ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১ জুন। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামবে বাংলাদেশ। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে মূল মঞ্চে মাঠে নামবে বাংলাদেশ।
এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলব। এর আগে ইংল্যান্ডে ১০দিনের ক্যাম্প রয়েছে। সেখানেও দুটি ৫০ ওভারের ম্যাচ খেলব। একটি এসেক্সের বিপক্ষে। আয়ারল্যান্ডে আমরা অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ পাব। সেখান থেকে আমরা যাব চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে। ওখানে খেলার আগে আমরা পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব।’
সর্বশেষ ২০০৬ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। ১০ বছর পর আবারও মাশরাফি মুর্তজার হাত ধরে মাঠে নামবে টাইগাররা।
২৪ এপ্রিল ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর পর ইংল্যান্ডে উড়াল দেবে মাশরাফির দল। ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ৭ দিন সময় পাবে টাইগাররা। এর মধেই এশিয়ার দুই জায়ান্ট প্রতিপক্ষ পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজসহ চ্যাম্পিয়নস ট্রফিতে বেশ কয়েকজন অতিরিক্ত খেলোয়াড়কে সঙ্গে নেবে বিসিবি। এ ব্যাপারে আকরাম খান বলেছেন, ‘স্কোয়াডতো ১৫ জনের হবে। তবে আমাদের পরিকল্পনা আছে ২-১ জন বেশি নিয়ে যাওয়ার, ব্যাকআপ হিসেবে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।’
/আরআই/এফএইচএম/







